ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো বড় জয়ের পথে রয়েছে বিজেপি। সর্বশেষ (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টা) পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, ১৯৪টি আসনে এগিয়ে থেকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে রয়েছে বিজেপি। অন্যদিকে মাত্র ৯৪টি আসনে এগিয়ে থাকা ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন।
সরকার গঠনের সম্ভাবনা
২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন কমপক্ষে ১৪৮টি আসন। সেই হিসেবে বিজেপি স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকায় তাদের সরকার গঠনের সম্ভাবনা জোরালো হচ্ছে।
নেতাদের প্রতিক্রিয়া
এদিকে, বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ বিজেপির শীর্ষ নেতারা ইতোমধ্যেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। তাদের দাবি, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের সময় শেষের পথে। রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপি সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ দেখা যাচ্ছে।
মুখ্যমন্ত্রী পদে সম্ভাব্য প্রার্থী
একইসঙ্গে, সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে হতে পারেন—তা নিয়েও আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বস্ত করেছিলেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে একজন বাঙালিকেই মুখ্যমন্ত্রী করা হবে। রাজনৈতিক বিশ্লেষণে সম্ভাব্য মুখ হিসেবে উঠে আসছে কয়েকজন নেতার নাম। তাদের মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী ছাড়াও শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং স্বপন দাশগুপ্ত।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস



