যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সকাল ১০টা ১০ মিনিটে একটি নিয়মিত ফ্লাইটে তিনি যশোর বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্থানীয় শীর্ষ বিএনপি নেতা ও প্রশাসনের কর্মকর্তারা, যারা তাকে স্বাগত জানান।
উলাসী খাল পুনর্খনন উদ্বোধন
বিমানবন্দর থেকে বাসে করে যশোর শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে শার্শার উলাসী খাল খননের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খালের পুনর্খনন কাজের উদ্বোধন করবেন। একই সঙ্গে পুনর্খননস্থলে আয়োজিত এক সুধী সমাবেশে অংশ নেবেন তিনি।
যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর
সেখান থেকে ফিরে বেলা সোয়া ১টায় যশোর শহরে ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
প্রাচীন গ্রন্থাগার পরিদর্শন
বেলা দেড়টায় প্রধানমন্ত্রী যশোরের পৌনে ২শ বছরের প্রাচীন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন।
জনসভায় ভাষণ
এরপর যশোর সার্কিট হাউজে নামাজ ও দুপুরের খাবারের বিরতির পর বিকাল সাড়ে ৩টায় যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে যশোর ছাড়বেন।



