টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ ক্ষেতমজুর ও শ্রমজীবী মানুষ নিহতের ঘটনায় তাঁদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে ক্ষেতমজুর সমিতি। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. ফজলুর রহমান। বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), ক্ষেতমজুর সমিতির কার্যকরী সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অর্ণব সরকার, সহসাধারণ সম্পাদক কল্লোল বণিক ও নির্বাহী কমিটির সদস্য মোতালেব হোসেন।
সংহতি জানিয়ে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক মুর্শিকুল ইসলাম, রিকশা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল কুদ্দুসসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
রুহিন হোসেনের বক্তব্য
সমাবেশে রুহিন হোসেন বলেন, ট্রাক উল্টে ১৫ জন খেতমজুরসহ শ্রমজীবী মানুষের মৃত্যু হলো কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এসব পরিবারকে কী ক্ষতিপূরণ দেওয়া হবে বা পরিবারের পুনর্বাসন করা হবে, সে বিষয়ে কোনো কথা নেই। দরিদ্র অসহায় মানুষ কাজের আশায় রাজধানীসহ বিভিন্ন বড় শহরে আসেন বলে উল্লেখ করেন রুহিন হোসেন। তিনি বলেন, এই শ্রমজীবী মানুষেরা দিনরাত পরিশ্রম করে যা আয় করেন, সেটা কীভাবে পরিবারের কাছে পৌঁছানো যায়, সে চিন্তা থেকে কম ভাড়ায় যাওয়ার জন্য রডবোঝাই ট্রাকে করে বাড়ি যাচ্ছিলেন। সরকারের বিশেষ ব্যবস্থা থাকলে তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে বাড়ির উদ্দেশে যাত্রা করতে হতো না।
সড়ক দুর্ঘটনাকে 'কাঠামোগত হত্যাকাণ্ড' বললেন সিপিবি নেতা
সড়ক দুর্ঘটনায় এসব মৃত্যুকে কাঠামোগত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন সিপিবি নেতা রুহিন হোসেন। সবার যাত্রা নিরাপদ করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
ডা. ফজলুর রহমানের বক্তব্য
ডা. ফজলুর রহমান বলেন, গতকাল যে ১৫ জন শ্রমজীবী মানুষ মারা গেলেন, তাঁদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে। আহতদের সরকারিভাবে চিকিৎসা নিশ্চিত করতে হবে। সড়কে মৃত্যুর মিছিল থামাতে শুধু মন্ত্রীদের কথার কথা না বলে বাস্তবে কাজ করার আহ্বান জানান সিপিবির নেতারা।



