সীতাকুণ্ডে মসজিদের ভেতর ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট উদ্ধার
সীতাকুণ্ডে মসজিদে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি মসজিদের ভেতর থেকে ইমাম মো. আমির হোসেন (৪৩) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ইমামের পরিচয় ও দায়িত্ব

নিহত মো. আমির হোসেন গত ১৩ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। মসজিদের দোতলার একটি কক্ষে থাকতেন তিনি। গতকাল বিকেলে আসরের নামাজে ইমামতি করেছেন বলে জানা গেছে।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মাগরিবের নামাজের সময় মুসল্লিরা গিয়ে দেখেন ইমাম নেই, মসজিদে তালা লাগানো। পরে রাতে এশার নামাজের সময়ও মসজিদ তালাবদ্ধ দেখেন মুসল্লিরা। এতে সন্দেহবশত মসজিদের দোতলার জানালা দিয়ে ভেতরে উঁকি দেন। তারা দেখতে পান, মসজিদের দোতলায় সিলিং ফ্যানের হুকের সঙ্গে ইমামের লাশ ঝুলছে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিরকুট উদ্ধার

মসজিদটির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইফতেখার আহমেদ বলেন, মুসল্লিরা মাগরিবের সময় মসজিদ তালাবদ্ধ দেখে ভেবেছিলেন, ইমাম হয়তো বাইরে কোনো কাজে গিয়ে আটকে পড়েছেন। পরে দীর্ঘ সময় খোঁজ না পেয়ে মানুষের সন্দেহ হয়। তখন উঁকি দিয়ে লাশটি দেখতে পান। ফ্যানের হুকের সঙ্গে সবুজ রঙের একটি কাপড় গলায় প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে জানিয়ে তিনি বলেন, নিচে একটি মই পড়ে ছিল। পাশে থাকা ইমামের কক্ষে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে পারিবারিক কলহের বিষয়ে কিছু কথা লেখা রয়েছে।

পুলিশের বক্তব্য

এ বিষয়ে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া চিরকুটটি তার লেখা কি না, যাচাই করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ