চট্টগ্রামে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড কাপ ডিবেট ২০২৬’
চট্টগ্রামে ‘ওয়ার্ল্ড কাপ ডিবেট ২০২৬’ অনুষ্ঠিত

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি), চট্টগ্রাম জোনের উদ্যোগে আজ চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমধর্মী বিতর্ক আয়োজন “ওয়ার্ল্ড কাপ ডিবেট ২০২৬”। “বিশ্বকাপে আমিই সেরা” শীর্ষক এই আয়োজনে এনডিএফ বিডির ফাউন্ডেশন ডিবেট কোর্সের ছয়জন প্রশিক্ষণার্থী তার্কিক বিশ্বকাপের জনপ্রিয় ছয়টি দলকে প্রতিনিধিত্ব করে অংশগ্রহণ করেন। অভিনব এই প্রতিযোগিতায় যুক্তি, উপস্থাপনা ও তাৎক্ষণিক বিশ্লেষণী দক্ষতার সমন্বয়ে অংশগ্রহণকারীরা নিজেদের সেরাটা তুলে ধরেন।

বিতর্ক প্রতিযোগিতার বিবরণ

প্রতিযোগিতায় জার্মানি দলের প্রতিনিধিত্ব করেন আরণ্য সহ (ফুলকি সহজপাঠ স্কুল), ফ্রান্স দলের প্রতিনিধিত্ব করেন জোয়াইরা মেহেজাবীন নিয়ন্তা (চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়), স্পেন দলের প্রতিনিধিত্ব করেন আজওয়াদ চৌধুরী (সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজ), পর্তুগাল দলের প্রতিনিধিত্ব করেন আদিল আরেফিন (চট্টগ্রাম কলেজ), আর্জেন্টিনা দলের প্রতিনিধিত্ব করেন রামিসা ফারজানা (ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ) এবং ব্রাজিল দলের প্রতিনিধিত্ব করেন সামিয়া ইসলাম (চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি)।

অনুষ্ঠানের অন্যান্য আয়োজন ও অতিথি

বিতর্ক পর্ব শেষে অংশগ্রহণকারীদের জন্য একটি কাহুট কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে বাড়তি প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ বিডির চেয়ারম্যান জনাব একেএম শোয়াইব। এছাড়া বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. ইমন কল্যাণ, কনভেনার, সিআইইউ আউটরিচ কমিটি; মিস আনজুমান বানু লিমা, রেজিস্ট্রার, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি; এবং জুয়েল চৌধুরী, কো-চেয়ারম্যান, এনডিএফ বিডি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বক্তাদের বক্তব্য

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বিতর্কচর্চা তরুণদের মধ্যে যুক্তিবোধ, নেতৃত্ব, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং কার্যকর যোগাযোগ দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা নতুন প্রজন্মকে যুক্তিনির্ভর, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

কাহুট কুইজ প্রতিযোগিতার ফলাফল

বিতর্ক পর্ব শেষে আয়োজিত কাহুট কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বর অর্জন করে চ্যাম্পিয়ন হন সৌরভ ভট্টাচার্য (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)। প্রথম রানার আপ হন অবন্তিকা তালুকদার (ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রাম), দ্বিতীয় রানার আপ হন প্রমিত (চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি), তৃতীয় রানার আপ হন শোয়াইব (ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ) এবং চতুর্থ রানার আপ হন নিতু (চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি)।

পুরস্কার বিতরণ ও সমাপ্তি

পরবর্তীতে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অংশগ্রহণকারী, প্রশিক্ষক, অতিথি ও আয়োজকদের আন্তরিক সহযোগিতায় “ওয়ার্ল্ড কাপ ডিবেট ২০২৬” সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা ভবিষ্যতেও তরুণ প্রজন্মের মধ্যে যুক্তিচর্চা, নেতৃত্ব বিকাশ এবং বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধনে সহায়ক এমন সৃজনশীল ও ব্যতিক্রমধর্মী আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।