প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
গ্রীষ্মকালীন দাভোসে অংশগ্রহণ
এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোসে’র বার্ষিক সম্মেলনে অংশ নেন। চীনের দালিয়ানের ‘দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে’ এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৭তম অ্যানুয়াল মিটিং অব দি নিউ চ্যাম্পিয়নসের (এএমএনসি) এ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশগ্রহণ করেন।
সম্মেলনে অংশগ্রহণকারীরা
এ সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের ১,৭০০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।
‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য একদিকে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, অন্যদিকে বিভিন্ন দেশের বেস্ট প্র্যাকটিস গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
সফরসূচি
গত সোমবার (২২ জুন) চীনের দালিয়ানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার তিনি বেইজিংয়ের উদ্দেশে রওনা হন।



