ব্রাহ্মণপাড়ায় ঝগড়া থামাতে গিয়ে স্বামীর লাথিতে গৃহবধূর মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় ঝগড়া থামাতে গিয়ে স্বামীর লাথিতে নারীর মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কলহ থামাতে গিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর এলাকার সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। মামা-ভাগিনার ঝগড়া থামাতে গিয়ে স্বামীর লাথিতে গুরুতর আহত হন পারভীন বেগম (৫০) নামের ওই নারী। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বামী মো. নাসিরকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার বিবরণ

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নাসিরের ভাগিনা ইয়াসিন (১৬) পেশায় একজন রংমিস্ত্রি। বেশ কিছুদিন ধরে কাজে না যাওয়াকে কেন্দ্র করে রোববার সকাল ৮টার দিকে মামা-ভাগিনার মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নাসির ভাগিনাকে মারধর করতে উদ্যত হন। এ সময় পারভীন বেগম ঝগড়া থামাতে ও ভাগিনাকে রক্ষা করতে মাঝখানে দাঁড়িয়ে বাধা দেন।

স্বামীর লাথিতে গুরুতর আহত

অভিযোগ রয়েছে, এতে ক্ষিপ্ত হয়ে নাসির স্ত্রীর তলপেটে জোরে লাথি মারেন। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে। নিহতের ছোট ভাই মো. বিল্লাল হোসেন বাদী হয়ে রোববার রাতে থানায় একটি হত্যা মামলা করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ