জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের উদ্ধত আচরণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের উদ্ধত আচরণ নিয়ন্ত্রণ করা হবে

মহাসড়ক, পশুর হাট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সদরদপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জঙ্গল সলিমপুরে কঠোর অবস্থান

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা পুরোনো অবস্থান ধরে রাখতে চাইছে বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে তারা যে উদ্ধত আচরণ করেছে, দুঃসাহস দেখিয়েছে, সেটা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। ব্রিফিংয়ে সম্প্রতি পুলিশ ও র্যাবের ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র্যাব ও পুলিশের ওপর যে হামলা হয়েছে, সেটা আমরা খুব গভীরভাবে দেখছি। এ বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। সেটা খুব শিগগিরই দৃশ্যমান হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘এ থেকে অনুমান করতে পারি, দীর্ঘ ১৭ বছর দেশে আইনের শাসন ছিল না। দুর্বৃত্তায়নের একটা মহামারী ছিল। জঙ্গল সলিমপুরকে আমরা রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হতে দেখেছি। সেটি আমরা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আনতে পেরেছি।’ জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে অনেক অস্ত্র উদ্ধার ও দাগি আসামি গ্রেপ্তার হয়েছে বলেও জানান তিনি। সেখানে পুলিশ একাডেমি, র্যাবের একাডেমি, ক্রীড়া কমপ্লেক্সসহ বিভিন্ন স্থাপনার পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সন্ত্রাসীদের নির্মূলের ঘোষণা

সন্ত্রাসীদের আড্ডা যেখানেই থাকুক নির্মূল করা হবে বলে ঘোষণা দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি এখনই পুরো পরিকল্পনা প্রকাশ করতে চাই না। তবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা

ঈদের সাত দিন আগে এবং ঈদের সাত দিন পর পর্যন্ত নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সেই হিসেবে জনবল বাড়ানো হয়েছে। মহাসড়কগুলো সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে। টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করে তিনি বলেন, যাত্রীরা সচেতন থাকলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।

পশুর হাটে জাল নোট প্রতিরোধ

পশুর হাটে জাল নোট ঠেকাতে অনেককে জাল নোট শনাক্তকারী মেশিন দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান। ব্যাংকের পক্ষ থেকেও এগুলো দেওয়া হয়েছে। বিভিন্ন ব্যাংকের শাখা এসব জায়গায় তৎপর রয়েছে। অননুমোদিত পশুর হাট বন্ধের বিষয়ে তিনি বলেন, ‘অনুমোদিত পশুর হাটের বাইরে যাতে কোনো হাট বসতে না পারে, সেজন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। যদি কোথাও কোনো অনিয়ম দেখতে পান এবং আমাদের নজরে আনেন, তাহলে আমরা আরও সুষ্ঠুভাবে কাজ করতে পারব।’

কোরবানির বর্জ্য অপসারণ ও টোল প্লাজা

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পৌরসভাসহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। টোল প্লাজায় দীর্ঘ যানজট কমাতে উন্নত প্রযুক্তিনির্ভর ব্যবস্থা প্রয়োজন বলে মন্তব্য করে তিনি বলেন, এখন ম্যানুয়ালি টোল আদায় করা হচ্ছে। অনেক দেশে এটা স্বয়ংক্রিয় করা হয়েছে। বিষয়টি নিয়ে সরকার চিন্তা করছে।

সীমান্ত ও মাদক ব্যবসা

সীমান্তে গোলাগুলি পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু জায়গায় পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে। পতাকা বৈঠকের মাধ্যমে এগুলো সমাধান হয়। জাতীয়ভাবে উত্তেজনা তৈরির মতো কোনো ঘটনা ঘটেনি। সাভারে প্রকাশ্যে পুলিশের সামনেই মাদক ব্যবসার অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনার রিপোর্ট এবং তথ্যটা দেন, আমরা এখনই ব্যবস্থা নেব।’