বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এএসআই-নিরস্ত্র) পদে নিয়োগের জন্য আবেদনের সময় আর মাত্র দুই দিন বাকি। ২৮ এপ্রিল সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে কোনো ভুল বা অসত্য তথ্য প্রদান করলে তা বাতিল বলে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
যোগ্যতা ও শর্তাবলী
দেশের স্থায়ী নাগরিক পুরুষ ও নারী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের বয়সসীমা ১৮ থেকে ২২ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা সন্তান বা নাতি-নাতনি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এছাড়া মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে। তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীদের এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যেখানে ন্যূনতম জিপিএ ৩.৫ বা সমমান। একইভাবে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায়ও ন্যূনতম জিপিএ ৩.৫ বা সমমান থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.৬৭৬৪ মিটার; বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি বা ০.৮১২১ মিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি বা ০.৮৬৩৬ মিটার। নারী প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬২৫৬ মিটার।
বেতন-ভাতা
নির্বাচিত প্রার্থীরা বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) পাবেন। প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন।
আবেদনের নিয়ম
প্রথম ধাপে http://police.teletalk.com.bd-এ লগইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের পর যোগ্য প্রার্থী একটি User ID পাবেন। দ্বিতীয় ধাপে প্রার্থীকে তাঁর User ID ব্যবহার করে কমপক্ষে ৪৮ টাকা ব্যালান্স রয়েছে, এমন টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে ২টি এসএমএস প্রেরণ করতে হবে। প্রথম এসএমএস-এ ASI User ID লিখে ১৬২২২ নম্বরে প্রেরণ করতে হবে; দ্বিতীয় এসএমএস-এ ASI YesPIN Number লিখে ১৬২২২ নম্বরে প্রেরণ করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের প্রাথমিক স্ক্রিনিং, শারীরিক সক্ষমতা যাচাই (PET), লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং মৌখিক পরীক্ষার ধাপ অতিক্রম করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা এক বছরের প্রশিক্ষণ শেষে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পাবেন। বিস্তারিত তথ্য বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে www.police.gov.bd পাওয়া যাবে।



