রাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় মো. রাফি (২৫) হত্যার ঘটনায় মূল অভিযুক্ত মো. ইমন ওরফে বাবুর্চি ইমনসহ (২৪) তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে কেরানীগঞ্জের একটি বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত নয় রাউন্ড পিস্তলের গুলিও উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিবরণ
বৃহস্পতিবার (২১ মে) পুলিশ জানায়, গত ১৪ মে রাতে শহীদনগরের তিন নম্বর গলির মুখে রাফিকে অজ্ঞাতনামা কয়েকজন লোক কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় রাফির পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ মে) সকালে রাফি মারা যান।
গ্রেফতার ও উদ্ধার
রাফি গুলিবিদ্ধ হওয়ার পরপরই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করে। এরই প্রেক্ষিতে সোমবার (১৮ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কানা শাহাবুদ্দিন ও রেজাউল নামে দুইজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ইমনের অবস্থান সনাক্ত করে। পরে বুধবার (২০ মে) কক্সবাজার সদরে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মো. ইমন ওরফে বাবুর্চি ইমনকে গ্রেফতার করে।
ইমনের দেওয়া তথ্য ও তার দেখানো পথ অনুসরণ করে কেরানীগঞ্জের একটি বাসা থেকে নয় রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তদন্ত অব্যাহত
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, রাফি হত্যার ঘটনায় সরাসরি জড়িত এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হলো। ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।



