মাদারীপুরে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামি পলাতক
মাদারীপুরে সাড়ে তিন বছরের শিশু ধর্ষণ, আসামি পলাতক

মাদারীপুরের রাজৈর উপজেলায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে সাড়ে তিন বছরের এক শিশুকে ঘরে ডেকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার দুপুরে নির্যাতিত শিশুটিকে গুরুতর অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নে।

ঘটনার বিবরণ

স্বজনদের অভিযোগ, শনিবার দুপুরে কদমবাড়ি ইউনিয়নের পলাশ সরকারের ছেলে চন্দন সরকার শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির মা বিষয়টি টের পেলে চন্দন ঘরের দরজা খুলে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে থানায় নেওয়া হয়। পুলিশের পরামর্শে রোববার দুপুরে তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসা ও আইনি প্রক্রিয়া

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আসাদুজ্জামান জানান, ধর্ষণের অভিযোগ নিয়ে শিশুটির পরিবার তাকে হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে ভর্তি করা হয়েছে এবং একটি মেডিকেল টিম গঠনের পর রিপোর্ট দেওয়া হবে। পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটি ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবার ও এলাকাবাসীর প্রতিক্রিয়া

শিশুটির বাবা বলেন, "কৌশলে চন্দন তার ঘরে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এই কর্মকাণ্ড আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এ ঘটনার কঠিন বিচার দাবি করছি।" কয়েকজন প্রতিবেশী জানান, ঘটনার পর চন্দন ও তার পরিবারের লোকজন পালিয়েছে। তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পুলিশের অবস্থান

রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় রাজৈর থানায় মামলা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়েছে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ