আটলান্টায় রোববার (২১ জুন) গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। লুইস দে লা ফুয়েন্তের দল প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে আক্রমণের ঝড় তুলে সহজ জয় পেয়েছে। এই জয়ের ফলে গ্রুপের শীর্ষে অবস্থান করে নকআউট পর্বের পথ সুদৃঢ় করল স্প্যানিশরা।
ইয়ামালের রেকর্ড গোল
শুরু থেকে মাঠে নামা লামিন ইয়ামাল মাত্র ১০ মিনিটের মাথায় দারুণ এক গোলে স্পেনকে এগিয়ে নেন। বিশ্বকাপের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড় হিসেবে ম্যাচের প্রথম গোল করার কীর্তি ছিল শুধু পেলের (১৯৫৮ বিশ্বকাপে ১৭ বছর বয়সে ওয়েলসের বিপক্ষে)। ৬৮ বছর পর সেই রেকর্ড স্পর্শ করলেন ১৮ বছর বয়সী ইয়ামাল। বার্সেলোনা তারকা প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করলেন।
প্রথমার্ধেই তিন গোল
প্রথম গোলের পরপরই মিকেল ওইয়ারসাবাল সৌদি রক্ষণকে ফাঁকি দিয়ে দ্বিতীয় গোল করেন। অল্প সময়ের ব্যবধানে তিনি আরেকটি গোল করে স্কোরলাইন ৩-০ করেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই স্পেন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের মুঠোয় নিয়ে নেয়।
দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোল
দ্বিতীয়ার্ধের শুরুতেও গোল পায় স্পেন। ৪৯ মিনিটে মার্ক কুকুরেয়ার ভলি সৌদি গোলরক্ষক ফিরিয়ে দিলেও হাসান আল তামবাকতির শরীরে লেগে বল জালে যায়। এটি আত্মঘাতী গোল হিসেবে গণনা করা হয়। এবারের বিশ্বকাপে এ পর্যন্ত ৮টি আত্মঘাতী গোল হয়েছে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে সর্বোচ্চ ১২টি আত্মঘাতী গোল হয়েছিল।
ফেরান তোরেসের গোল বাতিল
নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের (৯২ মিনিট) প্রথম মিনিটে পেদ্রো পোরোর ক্রসে পা ছুঁইয়ে গোল করেন ফেরান তোরেস। তবে ভিএআর রেফারি অফসাইডের কারণে গোলটি বাতিল করে দিলে ৪-০-তেই সন্তুষ্ট থাকতে হয় স্পেনকে। ম্যাচে ২২টি শট নিয়ে ৮টি সৌদির পোস্টে রাখতে পেরেছে স্পেন। সৌদি গোলকিপার ৫টি সেভ করেন।
গ্রুপ পরিস্থিতি
এই জয়ের ফলে ‘এইচ’ গ্রুপের শীর্ষে ওঠা নিশ্চিত হয়েছে স্পেনের। বর্তমানে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে অবস্থান করছে স্প্যানিশরা। পরবর্তী খেলায় গ্রুপ জি-তে বেলজিয়াম-ইরান এবং গ্রুপ এইচ-এ উরুগুয়ে-কেপ ভার্দে ও নিউজিল্যান্ড-মিশর ম্যাচ অনুষ্ঠিত হবে।



