আগামী ১৬ ডিসেম্বর জাতীয় বিজয় দিবসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা করছে সরকার। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রীতা মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ অ্যাভিয়েশন ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বাটজা) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানান।
থার্ড টার্মিনালের সুবিধাসমূহ
বেবিচকের তথ্যানুযায়ী, থার্ড টার্মিনালে থাকবে ২৬টি বোর্ডিং ব্রিজ, যার মধ্যে প্রথম ধাপে চালু হবে ১২টি। উড়োজাহাজ রাখার জন্য থাকবে ৩৬টি পার্কিং বে। বহির্গমনের জন্য ১৫টি সেলফ সার্ভিস চেকইন কাউন্টারসহ মোট ১১৫টি চেকইন কাউন্টার থাকবে। এছাড়া ১০টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টারসহ থাকবে ৬৬টি ডিপারচার ইমিগ্রেশন কাউন্টার। আগমনের ক্ষেত্রে পাঁচটি স্বয়ংক্রিয় চেকইন কাউন্টারসহ মোট ৫৯টি পাসপোর্ট ও ১৯টি চেকইন অ্যারাইভাল কাউন্টার থাকবে। টার্মিনালে ১৬টি আগমনী ব্যাগেজ বেল্ট স্থাপন করা হবে এবং মাল্টিলেভেল কার পার্কিং ভবনে এক হাজার ৩৫০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।
উন্নয়ন পরিকল্পনা ও আলোচনা
সাক্ষাৎ ও মতবিনিময় সভায় দেশের অ্যাভিয়েশন ও পর্যটন খাতের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা, উন্নয়ন পরিকল্পনা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। বাটজার নেতারা অ্যাভিয়েশন ও পর্যটন শিল্পের ইতিবাচক প্রচারে গণমাধ্যমের কার্যকর ভূমিকা ও তথ্যপ্রাপ্তি সহজ করার বিষয় তুলে ধরেন।
মন্ত্রী আফরোজা খানম রীতা বলেন, দেশের বিমান ও পর্যটন খাতকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি এ খাতের ইতিবাচক দিকগুলো দেশ-বিদেশে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
বিমান বহর সম্প্রসারণ
মন্ত্রী জানান, যাত্রীচাহিদা বৃদ্ধি ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের বিষয় বিবেচনায় রেখে বিমান বহর বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, 'আমরা মিক্সড ফ্লিটের কথা ভাবছি। চলতি বছরের মধ্যেই অন্তত পাঁচটি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে।'
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনার কথা জানান।
সভায় উপস্থিত প্রতিনিধি দল
সভায় উপস্থিত ছিলেন বাটজার আহ্বায়ক আলীমুজ্জামান সাফওয়ান, সদস্য সচিব ইমন চৌধুরী, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার সাইফ আহমাদ ও সদস্য শাহাদাত হোসেনসহ সংগঠনের চার সদস্যের একটি প্রতিনিধি দল।



