বিএনপির নামে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধে পুলিশে সোপর্দের আহ্বান এমপি এনামের
বিএনপির নামে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধে পুলিশে সোপর্দের আহ্বান

বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, মাদক ব্যবসা বা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। মঙ্গলবার (১২ মে) দুপুরে পটিয়া উপজেলার হাইদগাঁও রাজঘাটা সেতু এলাকায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে স্থাপিত হাইড্রোলিক এলিভেটর ড্যামের নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান

এমপি এনাম বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন— কোনো চাঁদাবাজি ও সন্ত্রাস চলবে না। কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না।' তিনি আরও জানান, এলাকার উন্নয়নকাজে কেউ বাধা দিলে তাকে কঠোরভাবে দমন করা হবে। তবে উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়মও বরদাশত করা হবে না। দলীয় কোনো ব্যক্তি সালিশ-বিচারে অংশ নিতে পারবেন না বলেও স্পষ্ট করেন তিনি।

সাধারণ মানুষের প্রতি আহ্বান

এমপির পরিচয় দিয়ে কেউ এলাকায় অনিয়ম করার চেষ্টা করলে তাকে ধরে পুলিশে সোপর্দ করার আহ্বান জানিয়ে এলাকার যেকোনো সমস্যায় সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাইড্রোলিক এলিভেটর ড্যামের সুফল

হাইড্রোলিক এলিভেটর ড্যাম প্রসঙ্গে এনামুল হক এনাম বলেন, 'হাইড্রোলিক এলিভেটর ড্যাম স্থাপিত হলে হাইদগাঁওসহ আশপাশের এলাকার চিত্র পাল্টে যাবে। কৃষকরা উপকৃত হবেন, পর্যটন স্পট গড়ে উঠবে এবং নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। এ ছাড়া অতিবৃষ্টি বা বৃষ্টির পানিতে নিচু এলাকার মানুষকে দুর্ভোগে পড়তে হবে না।' বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিক উন্নয়নকাজ শুরু হয়েছে বলেও দাবি করেন তিনি।

প্রকল্পের বিবরণ

উল্লেখ্য, শ্রীমাই খালের ওপর ১৩৩ কোটি টাকা ব্যয়ে হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণ, ব্লক স্থাপন ও বাঁধ নির্মাণসহ পাঁচটি প্যাকেজের কাজ শুরু হয়েছে। প্রকল্পের কাজ ২০২৭ সাল পর্যন্ত চলবে বলে জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সভায় উপস্থিত ব্যক্তিবর্গ

হাইদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজমল হোসেন জামালের সভাপতিত্বে এবং যুবদল নেতা কাজী আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক, পানি উন্নয়ন বোর্ড পটিয়ার উপ-বিভাগীয় প্রকৌশলী প্রশান্ত তালুকদার ও সহকারী প্রকৌশলী মাহবুব হোসেন।