অ্যান্ড্রয়েড ১৭: নতুন মাল্টিটাস্কিং, নিরাপত্তা ও এআই সুবিধা নিয়ে আসছে
অ্যান্ড্রয়েড ১৭: নতুন মাল্টিটাস্কিং ও নিরাপত্তা সুবিধা

গুগল তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড ১৭ উন্মুক্ত করেছে। প্রাথমিকভাবে পিক্সেল স্মার্টফোনে এটি ব্যবহার করা যাবে, তবে ধীরে ধীরে অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসেও এটি পৌঁছে যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যান্ড্রয়েড ১৭-এর পাশাপাশি পিক্সেল ড্রপ আপডেট এবং স্মার্টওয়াচের জন্য ওয়্যার ওএস ৭ অপারেটিং সিস্টেমও প্রকাশ করেছে গুগল।

মাল্টিটাস্কিংয়ে নতুন মাত্রা

অ্যান্ড্রয়েড ১৭-এ যুক্ত হয়েছে ‘বাবলস’ নামের একটি নতুন মাল্টিটাস্কিং সিস্টেম। এর মাধ্যমে অ্যাপগুলো পুরো স্ক্রিনের পরিবর্তে ভাসমান উইন্ডোতে দেখা যাবে। ফলে একটি অ্যাপে কাজ করার সময় অন্য অ্যাপে সহজেই স্যুইচ করা বা একসঙ্গে একাধিক কাজ করা সম্ভব হবে। এই সুবিধাকে আরও কার্যকর করতে স্ক্রিনের নিচে ‘বাবল বার’ যুক্ত করা হয়েছে, যেখানে সর্বশেষ ব্যবহৃত ফ্লোটিং অ্যাপগুলো দেখা যায়।

নতুন সংস্করণে ‘স্ক্রিন রিঅ্যাকশনস’ নামের একটি ফিচারও রয়েছে, যা দিয়ে একই সঙ্গে ফোনের স্ক্রিন এবং সামনের ক্যামেরার ভিডিও রেকর্ড করা যাবে। এটি ভিডিও টিউটোরিয়াল, রিঅ্যাকশন ভিডিও, প্রোডাক্ট রিভিউ বা অন্যান্য টিউটোরিয়াল কনটেন্ট তৈরিকে সহজ করবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভাঁজ করা স্মার্টফোনের জন্য বিশেষ সুবিধা

ভাঁজ করা স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অ্যান্ড্রয়েড ১৭-এ নতুন গেমিং মোড যুক্ত করা হয়েছে। এই মোডে ফোনের স্ক্রিন দুটি ভাগে বিভক্ত থাকবে—এক পাশে গেম চলবে, অন্যপাশে ভার্চুয়াল কন্ট্রোল থাকবে। এছাড়া মেমোরি ব্যবস্থাপনার উন্নতির ফলে গেম খেলার সময় ফোনের সামগ্রিক পারফরম্যান্সও বাড়বে বলে জানিয়েছে গুগল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিরাপত্তা ও গোপনীয়তা বৃদ্ধি

অ্যান্ড্রয়েড ১৭-এ নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য একাধিক নতুন ফিচার যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা এখন লোকেশন তথ্য শেয়ার করার ক্ষেত্রে আরও বেশি নিয়ন্ত্রণ রাখতে পারবেন। ‘ফাইন্ড হাব’-এ ‘মার্ক অ্যাজ লস্ট’ সুবিধা যুক্ত করা হয়েছে, যা দিয়ে হারিয়ে যাওয়া ফোন দূর থেকে বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে লক করা যাবে। সন্দেহজনক অ্যাপ ও অনলাইন প্রতারণা শনাক্তে ‘লাইভ থ্রেট ডিটেকশন’ প্রযুক্তি উন্নত করা হয়েছে। ভুল পিন বারবার প্রবেশ করালে অপেক্ষার সময় বাড়ানো হয়েছে এবং শিশুদের জন্য প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থা সম্প্রসারণ করা হয়েছে।

পিক্সেল ড্রপে কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধা

অ্যান্ড্রয়েড ১৭-এর পাশাপাশি পিক্সেল ড্রপে যুক্ত হয়েছে বেশ কিছু এআই-ভিত্তিক ফিচার। ‘জেমিনি অমনির’ মাধ্যমে কণ্ঠস্বর বা লিখিত নির্দেশনা দিয়ে ভিডিও সম্পাদনা, নতুন দৃশ্য তৈরি বা পছন্দের অবতার তৈরি করা যাবে। ‘জেমিনি’-তে যুক্ত হয়েছে ‘লিরিয়া ৩’ নামের মিউজিক তৈরির প্রযুক্তি, যা নির্দিষ্ট ধরন, আবহ, গতি বা ছবির ভিত্তিতে গান তৈরি করতে পারে। ‘কুইক শেয়ার’ সুবিধা উন্নত করা হয়েছে, যা ডিভাইসের মধ্যে দ্রুত ফাইল আদান-প্রদান করতে সাহায্য করে। এছাড়া ভয়েসমেইলের লিখিত কপি দেখা, ব্যক্তিগত শুভেচ্ছা বার্তা যুক্ত করা এবং নির্বাচিত ডিভাইসে উন্নত ভয়েস ট্রান্সলেশন সুবিধাও পাওয়া যাবে।

স্মার্টওয়াচে লাইভ আপডেট

ওয়্যার ওএস ৭-এ ‘অ্যান্ড্রয়েড লাইভ আপডেটস’ সুবিধা যুক্ত হয়েছে, যার মাধ্যমে স্মার্টওয়াচ থেকেই পণ্য ডেলিভারির অগ্রগতি, শরীরচর্চার তথ্য বা খেলার ফলাফল সরাসরি জানা যাবে।

সূত্র: টেকলুসিভ