বিশেষ শিশুদের ক্রীড়া উৎসবে রঙিন হলো সুইড প্রাঙ্গণ
বিশেষ শিশুদের ক্রীড়া উৎসবে রঙিন সুইড প্রাঙ্গণ

বৃহস্পতিবার ঢাকার সুইড বাংলাদেশ প্রাঙ্গণে বিশেষ শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। ফলের চেয়ে বড় ছিল অংশগ্রহণ, প্রতিযোগিতার চেয়ে বড় ছিল আনন্দ। ঢাকা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়।

উৎসবের পরিবেশ

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী আয়োজিত উৎসব সকাল থেকেই প্রাঙ্গণজুড়ে তৈরি করে এক ভিন্ন আবহ। শিশুদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। কারও হাতে ব্যাডমিন্টন র্যাকেট, কেউ টেবিল টেনিস টেবিলের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কেউ আবার বন্ধুদের সঙ্গে গান আর নাচে মেতে উঠেছে। তাদের চোখে কোনো সংকোচ ছিল না, ছিল শুধু অংশ নেওয়ার আনন্দ।

পুরস্কার বিতরণ

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডধারী ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন। তবে পুরস্কারের বাইরেও তারা সঙ্গে করে নিয়ে গেছে স্বীকৃতি, সাহস আর বিশ্বাস।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিবিধ আয়োজন

উৎসবে ছিল টেবিল টেনিস, ব্যাডমিন্টন, বালকদের দৌড় প্রতিযোগিতা, গানের তালে তালে বল বদল, নাচ, গানসহ নানা আয়োজন। কোথাও কেউ জিতেছে, কোথাও কেউ পিছিয়ে পড়েছে। দিন শেষে হারেনি কেউ।

অভিভাবকদের উপস্থিতি

শিশুদের পাশে ছিলেন তাদের অভিভাবকেরাও। গ্যালারিতে বসে কেউ হাততালি দিয়েছেন, কেউ উৎসাহ দিয়েছেন, কেউ আবার সন্তানের ছোট্ট সাফল্যে চোখের কোণে জমিয়ে রেখেছেন আনন্দের জল।

সুইড প্রাঙ্গণে দিন শেষে যখন ভিড় কমে আসছিল, তখনও কিছু শিশু খেলতে চাইছিল আরও একটু। সুযোগ পেলে প্রতিটি শিশুই নিজের মতো করে আলো ছড়াতে পারে। খেলাধুলা সেই আলো জ্বালিয়ে দেওয়ার সবচেয়ে ভালো মাধ্যম বলে মনে করেন জোবেরা রহমান লিনু।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ