যশোরের কেশবপুরে এক আর্জেন্টিনার সমর্থকের ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ব্রাজিলের জার্সি পরিয়ে ফেসবুকে প্রচার করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই সমর্থক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইসিটি আইনে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগ দায়ের
গত সোমবার কেশবপুর থানায় অভিযোগটি করেন কেশবপুরের সদর ইউনিয়নের মূল গ্রামের অহিদুর রহমান অন্তু। তিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। অভিযোগ থেকে জানা যায়, এআইয়ের মাধ্যমে অহিদুরের গায়ে ব্রাজিলের জার্সি পরিয়ে তাকে দলটির সমর্থক বানানোর চেষ্টা করা হয়েছে। ফেসবুকে ‘রাসেল বাবু’ নামে একটি পেজ থেকে ধারাবাহিকভাবে এমন ছবি প্রকাশ করা হয়েছে।
ভুক্তভোগীর বক্তব্য
অহিদুর রহমান জানান, তিনি আর্জেন্টিনার পাঁড় ভক্ত। অথচ তাকে ব্রাজিলের সমর্থক বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় তিনি অপমানিত বোধ করছেন। সামাজিকভাবেও হেয় প্রতিপন্ন হয়েছেন। বিষয়টি তার ব্যক্তিগত ও সামাজিক জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। এ ঘটনার জন্য জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইসিটি আইনে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
অভিযুক্তের বক্তব্য
এ বিষয়ে অভিযুক্ত রাসেল বাবু বলেন, ‘এটিকে এত জটিলভাবে নেওয়ার কিছু নেই। অহিদুর রহমান সম্পর্কে আমার মামা। আমি ব্রাজিলের কঠিন সমর্থক। তবে থানায় অভিযোগের বিষয়টি ভালো হয়নি তার।’
পুলিশের অবস্থান
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে বিবাদীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’



