যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অভিনব বইয়ের দোকান খোলা হয়েছে, যেখানে কাগজে মুদ্রিত কোনো বই নেই। বরং সেখানে শোনা যাবে অডিওবুক। অডিওবুক প্ল্যাটফর্ম অডিবল গত শুক্রবার ম্যানহাটানের লোয়ার ইস্ট সাইডে এই পপআপ স্টোর খুলেছে। এর নাম দেওয়া হয়েছে ‘অডিবল স্টোরি হাউস’। ই–কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনের সহযোগী প্রতিষ্ঠান অডিবল জানিয়েছে, এটি নিউইয়র্কের প্রথম ‘বইবিহীন বইয়ের দোকান’।
দোকানের ভেতরের পরিবেশ
দোকানটিতে প্রবেশ করলে চোখে পড়বে না কোনো বইয়ের তাক বা উপন্যাসের স্তূপ। বরং তাকজুড়ে সাজানো আছে ‘স্টোরি টাইল’ নামের অডিওবুক ট্যাবলেট। এই স্টোরি টাইলগুলোকে প্লেয়ারে ঢোকালেই হেডফোনে শোনা যায় গল্প। অর্থাৎ এখানে বই পড়া নয়, বরং বইয়ের লেখাগুলো শোনা যাবে। প্রতিটি স্টোরি টাইল থেকে কোনো বইয়ের অংশবিশেষ শোনা যায়। ওই অংশ শুনে পছন্দ হলে গ্রাহক পুরো বইটি অডিবলের অ্যাপে পেতে পারেন।
বিশেষ কক্ষ ও লিসেনিং বার
দোকানের ভেতরে একটি বিশেষ কক্ষও রয়েছে। সেখানে হেডফোন ছাড়াই স্পিকার বাজিয়ে গল্প শোনার ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া আছে ‘লিসেনিং বার’। সেখানে ‘স্টোরি টেন্ডার’–এর সাহায্যে পছন্দ ও আগ্রহ অনুযায়ী উপযুক্ত অডিওবুক খুঁজে নেওয়া যায়।
উদ্দেশ্য ও স্থায়িত্ব
অডিবলের প্রধান নির্বাহী কর্মকর্তা বব ক্যারিগান বলেন, ‘এটি এমন একটি জায়গা, যা পুরোপুরি অডিও গল্প বলাকে জীবন্ত করে তোলার জন্য তৈরি করা হয়েছে।’ তিনি জানান, এই পপআপ স্টোরটি এক মাসের জন্য চালু করা হয়েছে। এর উদ্দেশ্য হলো এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে মানুষ ঘুরে ঘুরে অডিওবুক দেখতে পারবে এবং অন্যদের সঙ্গে যুক্ত হতে পারবে।
অডিওবুক বাজারের প্রবৃদ্ধি
অডিওবুক বাজারে আধিপত্য বিস্তার করা প্ল্যাটফর্ম অডিবল সাবস্ক্রিপশনভিত্তিক সেবা দিয়ে থাকে। আলাদা করে বই কেনার সুযোগ এবং অ্যামাজন অ্যাকাউন্টধারীদের জন্য কিছু অডিওবুক বিনা মূল্যে শোনার সুবিধাও দেয় তারা। অডিও পাবলিশার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে ২২২ কোটি ডলার মূল্যের অডিওবুক বিক্রি হয়েছে, যা গত পাঁচ বছরে প্রায় দ্বিগুণ।



