ডেমরার মাতুয়াইল সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে পোশাক-শ্রমিক যাত্রী মোসা. কামিনী (২৪) মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) বিকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিবরণ
জানা যায়, ভুক্তভোগী কামিনী তার দুই সহকর্মী শারমিন ও অপর একজনের সাথে মাতুয়াইল থেকে রিকশায় করে ডেমরায় যাচ্ছিলেন। পথিমধ্যে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় তার ওড়না পেঁচিয়ে গেলে তিনি গুরুতর আহত হন।
উদ্ধার ও হাসপাতালে নেওয়া
আহত অবস্থায় সহকর্মী শারমিনসহ দুজন তাকে উদ্ধার করে কোনাপাড়ায় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। সহকর্মী শারমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের বক্তব্য
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নিহতের পরিচয়
মোসা. কামিনী মাতুয়াইলের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি ঝালকাঠি সদর উপজেলার কলেজ মোড় এলাকার কামরুল ইসলামের মেয়ে। বর্তমানে ডেমরার কোনাপাড়া এলাকায় থাকতেন। পরিবার ও সহকর্মীদের মতে, তিনি অত্যন্ত পরিশ্রমী ও স্নেহশীল ছিলেন।



