রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ ও সন্ত্রাসী নাসির ওরফে পিটার নাসিরকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-৩ ও র্যাব-৮ এর যৌথ অভিযানিক দল। রবিবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল জেলার উজিরপুর থানাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১১ মে) রাতে র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ঘটনার বিবরণ
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা সূত্রের বরাতে জানা যায়, রাজধানীর খিলগাঁও এলাকার মো. সাদিকুর রহমান আকন্দ (৪২) একজন হাউজিং ব্যবসায়ী। গ্রেফতার নাসির ও তার সহযোগীরা ভিকটিম সাদিকুরের কাছ থেকে বিশ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে পিটার নাসির তাকে প্রাণনাশের হুমকি দেয়। ভিকটিম কর্ণপাত না করায় তারা তাকে হত্যার সুযোগ খুঁজতে থাকে।
গত ৩ এপ্রিল বিকাল সাড়ে ৫টার দিকে ভিকটিম পায়ে হেঁটে খিলগাঁও থানাধীন নূরবাগ পানির পাম্পের সামনে এলে পিটার নাসির ও তার সহযোগী মোটরসাইকেলে এসে হত্যার উদ্দেশ্যে ভিকটিমকে লক্ষ্য করে গুলি চালায়। পিটার নাসিরের সহযোগী শুটার তারিফ ৩ রাউন্ড গুলি ছুঁড়লেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় খিলগাঁও থানায় মামলা দায়ের করা হয়।
গ্রেফতার কার্যক্রম
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হলে এবং র্যাব-৩ এর নজরে এলে ভিকটিমের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঁদাবাজ ও সন্ত্রাসী চক্রের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৩। উল্লেখ্য, উক্ত ঘটনার মূলহোতা মো. তারিফ হোসেন ওরফে শুটার তারিফকে (৪০) গত ২২ এপ্রিল র্যাব-৩ গ্রেফতার করে।
গ্রেফতার পিটার নাসিরের মামলা
গ্রেফতার পিটার নাসিরের নামে রাজধানীর রামপুরা থানায় ১টি মাদক মামলা ও খিলগাঁও থানায় ১টি পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলা, ১টি দস্যুতা মামলা, ৬টি ডাকাতি প্রস্তুতি মামলা, ৪টি মাদক মামলা, ১টি হত্যা মামলা এবং ৩টি মারামারি মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে।



