নাটোরে আম-লিচু সংগ্রহের সময়সূচি ঘোষণা
নাটোরে আম-লিচু সংগ্রহের সময়সূচি ঘোষণা

নাটোর জেলা প্রশাসন চলতি মৌসুমে গাছ থেকে আম ও লিচু সংগ্রহ এবং বাজারজাতকরণের সময়সূচি ঘোষণা করেছে। পর্যায়ক্রমে ১৫ মে থেকে আম এবং ১৭ মে থেকে লিচু সংগ্রহ করা যাবে। আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় জেলা প্রশাসক আসমা শাহীন এ তথ্য জানান।

ফল সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন সভা

বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ফল সংগ্রহ, সংরক্ষণ ও বিপণনসংক্রান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ১৫ মে থেকে গুটি, ২৫ মে থেকে লক্ষণভোগ, আগামী ১৫ জুন থেকে ল্যাংড়া ও আম্রপালি, ২৫ জুন থেকে মোহনভোগ ও হাড়িভাঙা, ৩০ জুন থেকে ফজলি, ৫ জুলাই থেকে মল্লিকা, ১৫ জুলাই থেকে বারি-৪, ২০ জুলাই থেকে আশ্বিনা এবং ১০ আগস্ট থেকে গৌড়মতি আম গাছ থেকে সংগ্রহ করা যাবে।

লিচু সংগ্রহের সময়সূচি

এ ছাড়া ১৭ মে থেকে মোজাফফর জাতের এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু সংগ্রহ করা যাবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশাসনের ব্যবস্থা ও নির্দেশনা

সভায় জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ফল সংগ্রহ, বিপণন ও পরিবহনে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে এবং ক্রেতাপর্যায়ে নিরাপদ ফল নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হবে। তিনি চাষি ও ব্যবসায়ীদের আম ও লিচুতে রাসায়নিক দ্রব্য প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানান। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রাখা হবে বলেও জানান তিনি।

কৃষি বিভাগের পরামর্শ

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খান বলেন, পরিপক্ব ফল সংগ্রহ ও কষজনিত পচন ঠেকাতে বোঁটাসহ আম পাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। নিরাপদ ফল উৎপাদনে ব্যাগিং পদ্ধতি অনুসরণের পরামর্শও দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উৎপাদন লক্ষ্যমাত্রা

কৃষি বিভাগ জানিয়েছে, নাটোরে চলতি মৌসুমে ৫ হাজার ৬৯৩ হেক্টর আমবাগান থেকে ৬৮ হাজার ৩১৬ টন আম এবং ৪ হাজার ৮৮৭ হেক্টর লিচুবাগান থেকে ৭ হাজার ৫৪০ টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সভায় আমচাষি, ব্যবসায়ী, কৃষি বিভাগের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।