মাদারীপুরের রাজৈরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রহিম সরদার (৪৫) নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘটনার বিবরণ
শনিবার (৯ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চুন্নু ফকিরের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত রহিম সরদার কৃষ্ণপুর গ্রামের মৃত সোহরাব সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকায় ভ্যানে করে পোলাও চাল বিক্রির ব্যবসা করতেন রহিম সরদার। পাওনা টাকার লেনদেনকে কেন্দ্র করে একই গ্রামের আসাদ বেপারী (৫০) ও তার ছেলে দিদার বেপারীর (৩০) সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রহিম সরদার গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
চিকিৎসা ও মৃত্যু
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের বক্তব্য
রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, মূলত টাকা লেনদেন সম্পর্কিত বিষয়ে এ ঘটনা ঘটে। তারা দুজন একসঙ্গে ব্যবসা করতেন। পাওনাদার আসাদ টাকা চাইতে গেলে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতি হয় এবং রহিমকে ঘুষি মারে। এতে মারা যান তিনি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।



