স্পিডবোট ভাড়া কমানোর প্রতিবাদে নৌপথ বন্ধ, যাত্রী দুর্ভোগ
স্পিডবোট ভাড়া কমানোর প্রতিবাদে নৌপথ বন্ধ

৩০০ টাকার ভাড়া ২৬০ টাকা করার প্রতিবাদে চট্টগ্রামের সঙ্গে সন্দ্বীপের প্রধান নৌপথ কুমিরা-গুপ্তছড়া নৌপথে স্পিডবোট চলাচল ঘোষণা ছাড়াই বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে এ নৌপথে চলাচল করেনি স্পিডবোট। এতে দুর্ভোগে পড়েন দুই পারের হাজারো যাত্রী।

ভাড়া পুনর্নির্ধারণের প্রতিবাদ

জানা গেছে, সোমবার নৌপরিবহন মন্ত্রণালয় কুমিরা-গুপ্তছড়া নৌপথের ভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। সম্প্রতি এই নৌপথে স্পিডবোটে ৩০০ টাকা ভাড়া নেওয়া হলেও নতুন প্রজ্ঞাপনে ভাড়া নির্ধারণ করা হয় ২৬০ টাকা। এর প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল থেকে মূলত স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পরিচালকদের বক্তব্য

স্পিডবোট পরিচালনাকারী প্রতিষ্ঠান আর কে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জগলুল হোসেন বলেন, ‘সরকার নির্ধারিত ভাড়ায় স্পিডবোট চালালে আমাদের পোষাবে না। তাই বন্ধ রাখা হয়েছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যাত্রীদের অভিযোগ

সন্দ্বীপ উপজেলার বাসিন্দা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সম্প্রতি তেলের দাম বৃদ্ধির অজুহাতে ২৫০ টাকার ভাড়া ৩০০ টাকা করেছে। এ ভাড়া বৃদ্ধিকে মেনে নেননি সন্দ্বীপের বাসিন্দারা। সোমবার নৌপরিবহন মন্ত্রণালয় ভাড়া পুনর্নির্ধারণ করে ২৬০ টাকা করে প্রজ্ঞাপন জারি করেছে। অথচ স্পিডবোট মালিকরা সরকারের এ প্রজ্ঞাপনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সোমবার সারাদিন ৩০০ টাকা করে ভাড়া নিয়েছে। কোনও কারণ ছাড়াই আজ মঙ্গলবার তারা স্পিডবোট চলাচল বন্ধ করে দিয়েছে।’

তিনি আরও বলেন, স্পিডবোট বন্ধ থাকায় সার্ভিস বোট (কাঠের তৈরি ট্রলার) চলাচল করলেও তারা আজ ১৩০ টাকার ভাড়া ২০০ টাকা করে নিয়েছে। যাত্রীরা বাধ্য হয়ে এসব সার্ভিস বোটে যাতায়াত করতে বাধ্য হয়েছেন।

বিআইডব্লিউটিএ’র প্রতিক্রিয়া

এ প্রসঙ্গে বিআইডব্লিউটিএ’র উপপরিচালক (পোর্ট অফিসার) নয়ন শীল বলেন, ‘কুমিরা-গুপ্তছড়া নৌপথে স্পিডবোট বন্ধের বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছি। দ্রুত সমাধান হবে বলে আশা করছি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ