কুমিল্লার বরুড়ায় অনলাইন জুয়া খেলা নিয়ে বিরোধের জেরে বন্ধুদের হামলায় আহত কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চার দিন চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।
নিহতের পরিচয়
নিহত রাকিব হোসেন (১৬) বরুড়া পৌরসভার দেওড়া গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। গত শুক্রবার রাতে বরুড়া উপজেলার দেওড়া গ্রামে ওই হামলার ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সোয়া আটটার দিকে রাকিবকে ডাব খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধু ফারহান। বাড়ির পাশের রাস্তায় আগে থেকেই অবস্থান করছিল ফারহানের আরও তিন সহযোগী। সেখানে অনলাইন জুয়া খেলার বিষয় নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ফারহান ও তার সহযোগীরা রাকিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়।
পুলিশের বক্তব্য
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, অভিযুক্তরা সবাই রাকিবের বন্ধু এবং তারা অনলাইন জুয়ায় জড়িত ছিল। বিষয়টি তাদের পরিবার জেনে যাওয়ায় তারা রাকিবকে সন্দেহ করত। সেই ক্ষোভ থেকেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
মামলা ও তদন্ত
ওসি আরও জানান, রাকিবের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। বুধবার ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে স্বজনেরা এলাকায় ফিরলে মামলা করা হবে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



