ক্রোয়েশিয়া জাতীয় দলের অধিনায়ক ও এসি মিলানের মিডফিল্ডার লুকা মদ্রিচ গুরুতর চোটে পড়েছেন। রোববার (২৬ এপ্রিল) ইতালিয়ান সিরি'আ লিগে এসি মিলান বনাম জুভেন্টাস ম্যাচে ম্যানুয়েল লোকাতেলির সঙ্গে বল দখলের লড়াইয়ে মাথায় সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। ইতোমধ্যে তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে, তবে বিশ্বকাপের মাত্র কয়েক সপ্তাহ আগে এই ঘটনায় তার অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
অস্ত্রোপচার সফল, মৌসুমের বাকি ম্যাচে নেই
এসি মিলান নিশ্চিত করেছে, ৪০ বছর বয়সি মদ্রিচের বাঁ দিকের গালের হাড়ে (জাইগোম্যাটিক বোন) জটিল ফ্র্যাকচার হয়েছে। তার অস্ত্রোপচার সফল হলেও এই মৌসুমের বাকি ম্যাচগুলোতে তিনি মাঠে নামতে পারবেন না। গত বছর রিয়াল মাদ্রিদ থেকে ফ্রি ট্রান্সফারে মিলানে যোগ দেওয়ার পর তিনি ৩৬ ম্যাচে দুই গোল ও তিন অ্যাসিস্ট করেছেন।
কোচ দালিচের আস্থা
ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ জানিয়েছেন, তিনি মদ্রিচের সঙ্গে কথা বলেছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি বলেন, 'লুকার সঙ্গে আমার কথা হয়েছে। আমি তার সফল অস্ত্রোপচার এবং দ্রুত সুস্থতা কামনা করেছি। আমি নিশ্চিত যে বিশ্বকাপে খেলার জন্য ও নিজের সেরাটা দিয়ে চেষ্টা করবে। আমাদের পূর্ণ সমর্থন ওর সঙ্গে আছে। অধিনায়ক হিসেবে ও-ই আমাদের বড় আসরে নেতৃত্ব দেবে।'
পঞ্চম বিশ্বকাপের সম্ভাবনা
যদি মদ্রিচ সুস্থ হয়ে ফেরেন, তবে এটি হবে তার ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ। ২০০৬ সাল থেকে শুরু করে তিনি ১৯টি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন। তার নেতৃত্বেই ২০১৮ সালে ক্রোয়েশিয়া রানার্সআপ এবং ২০২২ সালে তৃতীয় স্থান অর্জন করে। ২০১৮ আসরে মদ্রিচ বিশ্বকাপের গোল্ডেন বল জিতেছিলেন।
আগামী ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রোয়েশিয়া বিশ্বকাপ অভিযান শুরু করবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এই টুর্নামেন্টে 'গ্রুপ এল'-এ ক্রোয়েশিয়ার অন্য প্রতিপক্ষ পানামা ও ঘানা। সূত্র: বেইন স্পোর্টস।



