কুরবানির ঈদে জাফরানি মাটন রান্নার সহজ রেসিপি
কুরবানির ঈদে জাফরানি মাটন রান্নার রেসিপি

কুরবানির ঈদে জাফরানি মাটন রান্নার রেসিপি

ঈদ মানেই বাড়তি আয়োজন আর পেটপুজো। কুরবানির ঈদে মাংসের পদ থাকে সবার আগে। আর এই ঈদে যদি পরিবার ও অতিথিদের চমকে দিতে চান, তাহলে জাফরানি মাটন হতে পারে দারুণ এক পছন্দ। গরু বা খাসি, যে কোনো মাংস দিয়েই এই পদটি তৈরি করা যায়।

উপকরণ

  • খাসির মাংস: ১ কেজি
  • আদা ও রসুন বাটা: ২ টেবিল চামচ
  • টকদই: ১ কাপ
  • কাঁচামরিচ বাটা: ১ টেবিল চামচ
  • পেঁয়াজ কুচি: ১ কাপ
  • ধনে গুঁড়া: ১ চা চামচ
  • গোলমরিচ গুঁড়া: ১ চা চামচ
  • জিরা গুঁড়া: ১ চা চামচ
  • এলাচ, দারুচিনি, লবঙ্গ ও জয়ত্রী: ২ পিস করে
  • গরম মসলা গুঁড়া: ১ চা চামচ
  • কাজু বাদাম বাটা: ২ টেবিল চামচ
  • সয়াবিন তেল: আধা কাপ
  • ঘি: ১ টেবিল চামচ
  • লবণ: পরিমাণমতো
  • কাশ্মীরি মরিচ গুঁড়া: ১ টেবিল চামচ

প্রণালি

১. মেরিনেশন

প্রথমে খাসির মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর মাংসের সঙ্গে টকদই, গোলমরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এই মিশ্রণটি ৩ ঘণ্টা ফ্রিজে রেখে মেরিনেট করুন।

২. মসলা কষানো

কড়াইতে সয়াবিন তেল গরম করে নিন। এবার আস্ত এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়ত্রী এবং পেঁয়াজ কুচি দিয়ে হালকা লালচে করে ভেজে নিন। পেঁয়াজ ভাজা হলে এতে আদা-রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা দিয়ে মসলাটি খুব ভালো করে কষিয়ে নিন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. মাংস রান্না

কষানো মসলার মধ্যে আগে থেকে মেরিনেট করা মাংস দিয়ে দিন। এবার ঢাকনা দিয়ে মাঝারি আঁচে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।

৪. শাহি মসলা যোগ

মাংস সেদ্ধ হয়ে এলে ঢাকনা তুলুন। এবার বাকি টকদই, কাজু বাদাম বাটা, জাফরান ভেজানো পানি, কাশ্মীরি মরিচ গুঁড়া, ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে মাংসের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন।

৫. দমে রাখা

নামানোর ঠিক আগে উপর থেকে ঘি ও গরম মসলা গুঁড়া ছড়িয়ে দিন। হালকা আঁচে কিছুক্ষণ দমে রেখে রান্না করুন। মাংস থেকে তেল ছেড়ে দিলে এবং গ্রেভি ঘন হয়ে এলে লবণ দেখে নামিয়ে পরিবেশন করুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আপনার তৈরি জাফরানি মাটন পরিবারের সবাইকে মুগ্ধ করবে। এই ঈদে ঘরেই বানিয়ে ফেলুন এই শাহি পদ।