পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পরিচ্ছন্ন ও নিরাপদ নগর গড়তে বিশেষ উদ্যোগ নিয়েছে ক্লেমন। ব্র্যান্ডটির পরিবেশবিষয়ক প্ল্যাটফর্ম ‘গ্রিনওয়েভ’-এর অধীনে পরিচালিত ‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন কমিউনিটিতে পরিবেশবান্ধব বায়ো-ডিগ্রেডেবল ওয়েস্ট ব্যাগ বিতরণ করা হচ্ছে।
দশকের প্রচেষ্টা
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত এক দশক ধরে সিটি করপোরেশনের সহযোগিতায় ১০টিরও বেশি কমিউনিটিতে কাজ করছে এই ক্যাম্পেইন। এর মূল লক্ষ্য মাইক্রোপ্লাস্টিক দূষণ কমিয়ে পরিবেশ রক্ষা করা। ক্লেমনের দাবি, সাধারণ প্লাস্টিক ব্যাগ পরিবেশে দীর্ঘমেয়াদি ক্ষতি করে এবং বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে দেয়। সেখানে বায়ো-ডিগ্রেডেবল ওয়েস্ট ব্যাগ ব্যবহারের ফলে প্রায় ১২০ কেজি প্লাস্টিক বর্জ্য পরিবেশে যাওয়া রোধ করা সম্ভব হবে। একইসঙ্গে এটি প্রাকৃতিকভাবে মাটির সঙ্গে মিশে গিয়ে পরিবেশের ক্ষতি কমাবে।
পরিচ্ছন্নতার লক্ষ্য
প্রতিষ্ঠানটি আরও জানায়, এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৩০ হাজার কেজি পশুর বর্জ্য নিয়ন্ত্রিতভাবে অপসারণ করা সম্ভব হবে। এতে শহরের প্রায় ৩ হাজার স্থানে ড্রেন ব্লকেজ ও জলাবদ্ধতার ঝুঁকি কমবে। পাশাপাশি প্রায় ১৫ হাজার মানুষের স্বাস্থ্য ও পরিবেশগত সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
প্রেস কনফারেন্স
ক্যাম্পেইন উপলক্ষে বিভিন্ন কমিউনিটিতে পৃথক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ’র সিইও সৈয়দ জহুরুল আলম, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আবদুল আজিজ ও সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ ইমরান কায়সারসহ অন্য কর্মকর্তারা।
সৈয়দ জহুরুল আলম বলেন, “ক্লেমন সারা বছর বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম পরিচালনা করে। কোরবানির সময় ‘ইচ্ছের হাত বাড়াই, পরিবেশকে পরিচ্ছন্ন রাখি’ উদ্যোগটি তারই অংশ। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”



