কয়েকদিনের টানা তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের পর রবিবার (২৪ মে) বিকালের বৃষ্টি রাজধানীবাসীর জন্য স্বস্তি নিয়ে এলেও, অল্প সময়ের মধ্যেই সেই স্বস্তি ভোগান্তিতে পরিণত হয়। ঘণ্টাখানেকের বৃষ্টি শেষে ঢাকার বিভিন্ন সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা ও তীব্র যানজট। এতে অফিসফেরত মানুষ, শ্রমজীবী ও সাধারণ যাত্রীরা পড়েন দুর্ভোগে।
জলাবদ্ধতা ও যানজট
বিকাল থেকে রাজধানীর মিরপুর, ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, মতিঝিল, মালিবাগ, বাড্ডা ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় সড়কে, অলিগলিতে পানি জমে যায়। কোথাও কোথাও যানবাহন ধীরগতিতে চলতে দেখা যায়। অনেককে হাঁটুসমান পানি মাড়িয়ে গন্তব্যে যেতে হয়েছে। বৃষ্টির সময় দমকা হাওয়ায় গরম অনেকটা কমে এলেও জলাবদ্ধতার কারণে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। অফিস শেষে বাসের জন্য দীর্ঘসময় অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। অনেক এলাকায় রিকশা ও গণপরিবহনের সংকটও দেখা দেয়।
আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।
তাপপ্রবাহ অব্যাহত
এদিকে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর ও পটুয়াখালীসহ কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।



