ফুটবলের নতুন নিয়ম: বিশ্বকাপ ২০২৬ থেকে কার্যকর
আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ২০২৬-কে সামনে রেখে ফুটবল খেলায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ফুটবলের স্ব-নিয়ন্ত্রক সংস্থা। রবিবার ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) ফুটবলের নিয়মে বেশ কয়েকটি সংশোধনীর কথা প্রকাশ করেছে। এই নতুন আইনগুলো ২০২৬-২০২৭ মৌসুম থেকে সম্পূর্ণভাবে কার্যকর হবে এবং আসন্ন বিশ্বকাপে এর প্রয়োগ দেখা যাবে।
১. মুখ ঢাকলে লাল কার্ড
মাঠে কোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে খেলোয়াড়রা হাত, বাহু কিংবা জার্সি দিয়ে মুখ ঢেকে রাখলে এখন থেকে সরাসরি লাল কার্ড দেখানো হবে। তবে বিপক্ষ দলের খেলোয়াড় হলেও, যদি একই ক্লাবের সতীর্থদের সাথে বন্ধুত্বপূর্ণ আলাপের সময় কেউ মুখ ঢেকে কথা বলে, তবে তাকে শাস্তি দেওয়া হবে না।
২. প্রতিবাদস্বরূপ মাঠ ছাড়লে লাল কার্ড
রেফারির কোনো সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে কোনো খেলোয়াড় যদি মাঠ ছেড়ে চলে যান, তবে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হবে। একই নিয়ম প্রযোজ্য হবে দলের কোচ বা অফিশিয়ালদের ক্ষেত্রেও, যারা খেলোয়াড়দের মাঠ ছাড়তে উসকানি দেবেন। কোনো দলের এমন প্রতিবাদের কারণে ম্যাচ পরিত্যক্ত হলে, ঐ দলকে সরাসরি পরাজিত ঘোষণা করা হবে।
৩. থ্রো-ইন ও গোল-কিকে কাউন্টডাউন
সময় অপচয় রোধে রেফারিরা এখন থেকে হাত উঁচিয়ে দৃশ্যমানভাবে ৫ সেকেন্ডের কাউন্টডাউন শুরু করবেন। থ্রো-ইনের ক্ষেত্রে কাউন্টডাউন শেষ হওয়ার পর খেলায় না ফিরলে প্রতিপক্ষ দলকে থ্রো-ইন দেওয়া হবে। গোল-কিকের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে কিক না নিলে, প্রতিপক্ষ দলকে একটি কর্নার কিক দেওয়া হবে।
৪. বদলি প্রোটোকল
বদলি বোর্ড প্রদর্শনের পর মাঠের খেলোয়াড়কে মাঠ ছাড়ার জন্য দেওয়া হবে মাত্র ১০ সেকেন্ড। তাকে বাউন্ডারি লাইনের সবচেয়ে নিকটবর্তী স্থান দিয়ে মাঠ ছাড়তে হবে। যদি কোনো খেলোয়াড় ১০ সেকেন্ডের মধ্যে মাঠ না ছাড়ে তবে তার পরিবর্তে যিনি নামবেন, তিনি খেলা শুরু হওয়ার সাথে সাথে মাঠে নামতে পারবেন না। খেলা পুনরায় শুরু হওয়ার পর অন্তত ১ মিনিট পার হতে হবে এবং রেফারি সংকেত দেওয়ার পর প্রথম খেলা বন্ধের সময় তিনি মাঠে প্রবেশ করতে পারবেন। তবে খেলোয়াড়ের গুরুতর চোট বা নিরাপত্তার ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম হতে পারে।
৫. মাঠের বাইরে চিকিৎসা
আউটফিল্ডের কোনো খেলোয়াড়কে চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসাকর্মীরা মাঠে প্রবেশ করলে, চিকিৎসা শেষে খেলা শুরু হওয়ার পর ঐ খেলোয়াড়কে বাধ্যতামূলকভাবে ১ মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। তবে গোলরক্ষকের চোট, গোলরক্ষক ও আউটফিল্ড খেলোয়াড়ের মধ্যে সংঘর্ষ, একই দলের খেলোয়াড়দের নিজেদের মধ্যে সংঘর্ষ অথবা আহত খেলোয়াড় যদি পেনাল্টি শুটআউটের জন্য নির্ধারিত থাকেন তাহলে এই নিয়ম প্রযোজ্য হবে না।
৬. ভিএআর প্রটোকল
এবার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির পরিধি আরো বাড়ানো হচ্ছে। তবে এটি এখন ব্যবহার করা হবে স্পষ্টভাবে ভুল সিদ্ধান্তে দ্বিতীয় হলুদ কার্ডের পর লাল কার্ড দেখালে। ভুল খেলোয়াড়কে কার্ড দেখানো হলে। ভুলভাবে দেওয়া কর্নার কিকের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে সংশোধন করা সম্ভব হলে। খেলা পুনরায় শুরু হওয়ার আগে কোনো ফাউল সংঘটিত হলে। মাঠে রেফারির পর্যালোচনার সুপারিশ করবে ভিএআর।
৭. পানীয় বিরতি
ম্যাচের প্রতিটি অর্ধে ৩ মিনিটের একটি পানীয় বিরতি থাকবে। সাধারণত প্রতিটি অর্ধের মাঝামাঝি সময়ে এটি নেওয়া হবে। তবে বিরতির সময় নির্ধারণে রেফারিদের কিছুটা নমনীয়তা দেওয়া হয়েছে।
৮. গোলরক্ষকের চোট
ম্যাচ চলাকালীন যদি কোনো গোলরক্ষক মাঠের ভেতরে চিকিৎসা গ্রহণ করেন, তবে সেই সুযোগে মাঠের অন্য খেলোয়াড়রা মাঠ ত্যাগ করতে পারবে না। একই সাথে, তারা সাইডলাইনে এসে নিজ নিজ কোচের সাথে কোনো ধরনের কৌশলগত গোপন বৈঠকও করতে পারবে না।



