বর্ষা মৌসুমে কাঁঠালের বিচি দিয়ে তৈরি নানা পদ বাঙালির রসনায় আলাদা মাত্রা যোগ করে। আর সেই বিচির সঙ্গে দেশি মুরগির মাংসের মেলবন্ধন হলে স্বাদ হয়ে ওঠে আরও অনন্য। ঘরোয়া মসলায় রান্না করা কাঁঠালের বিচিতে দেশি মুরগি ভাতের সঙ্গে পরিবেশনের জন্য একটি দারুণ ঐতিহ্যবাহী পদ।
উপকরণ
- কাঁঠালের বিচি ১০০ গ্রাম
- দেশি মুরগি ১টি (ছোট)
- পেঁয়াজ কুচি আধা কাপ
- আদা বাটা ১ চা চামচ
- রসুন বাটা ১ চা চামচ
- জিরা বাটা ১ চা চামচ
- ধনে বাটা আধা চা চামচ
- মরিচ বাটা ১ চা চামচ
- হলুদ গুঁড়া ১ চা চামচ
- এলাচ ২টি
- দারুচিনি ২ টুকরা
- লবণ স্বাদমতো
- সরিষার তেল আধা কাপ
প্রণালি
প্রথমে কাঁঠালের বিচি হালকা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আলাদা করে রাখুন। এরপর দেশি মুরগির টুকরোর সঙ্গে পেঁয়াজ, আদা, রসুন, জিরা, ধনে, মরিচ বাটা, হলুদ গুঁড়া, এলাচ, দারুচিনি, লবণ ও সরিষার তেল মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এবার চুলায় বসিয়ে মাংস কষাতে থাকুন। অল্প অল্প পানি দিয়ে দুই দফায় ভালোভাবে কষিয়ে নিন, যাতে মসলাগুলো মাংসের ভেতরে ঢুকে যায়। এরপর সেদ্ধ করা কাঁঠালের বিচি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে প্রয়োজনমতো পানি দিন। মুরগি পুরোপুরি সেদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে এলে এবং ওপরে তেল ভেসে উঠলে চুলা থেকে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু কাঁঠালের বিচিতে দেশি মুরগি।


