প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা থাকা সত্ত্বেও কনটেন্ট ক্রিয়েটরদের ব্যাংক একাউন্ট থেকে ৭ দশমিক ৫ শতাংশ হারে কর আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ফেসবুকে পোস্ট
বৃহস্পতিবার (৪ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এক পোস্টে সরকারের প্রতি বিষয়টি নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা চান তিনি।
সারজিস আলমের স্ট্যাটাস
পাঠকের জন্য সারজিস আলমের স্ট্যাটাস হুবুহু তুলে ধরা হলো:
“মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে একজন কনটেন্ট ক্রিয়েটরকে বললেন- ফ্রিল্যান্সার কিংবা কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের উপরে যে ৭.৫% ট্যাক্স নির্ধারণ করা হয়েছে সেই ট্যাক্স কাটা হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর আগে কখনোই এই ধরনের ট্যাক্স কাটা না হলেও আজকে অনেকের সেই ট্যাক্স কেটে নেওয়া হয়েছে। তাহলে কি প্রধানমন্ত্রীর নির্দেশ মানা হচ্ছে না? নাকি এখন পর্যন্ত সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি? নাকি কার্যকর হবে না? এ বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত জানানো প্রয়োজন। না হলে একটা দেশের প্রধানমন্ত্রী কথার মূল্য থাকেনা।
যারা অনেক কষ্ট করে ফ্রিল্যান্সিং কিংবা কনটেন্ট ক্রিয়েশন এর মাধ্যমে কোনো মতে জীবিকা নির্বাহ করছেন তাদের ক্ষেত্রে এই ট্যাক্সকে আমরা সমর্থন করি না। ব্যক্তি বিশেষে উপার্জন সিক্স ডিজিট কিংবা একটি নির্দিষ্ট সংখ্যার উপরে গেলে এই ট্যাক্স বিভিন্ন মাত্রায় নির্ধারণ করা যেতে পারে। (যেমন: মাসে উপার্জন হাজারে হলে ট্যাক্স দিতে হবে না, লাখের উপরে গেলে নির্দিষ্ট পার্সেন্ট ট্যাক্স দিতে হবে।) কিন্তু যে মানুষটা একটা নূন্যতম উপার্জনের মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করছেন তার জন্য এটা বোঝা হয়ে দাঁড়াবে।”



