ঈদের সাজে এবার দেখা যাবে পরিমিত গয়না আর হালকা মেকআপের ছোঁয়া। মডেল তানজিয়া মিথিলার সাজে ফুটে উঠেছে নানা রঙের পোশাক ও সূক্ষ্ম কারুকাজ। নিচে চারটি সাজের বর্ণনা দেওয়া হলো।
১. টিল ব্লু পোশাকে স্নিগ্ধতা
টিল ব্লু রঙের পোশাকটির ওপরে সোনালি রঙের ফুলের কাজ নজর কাড়ে। পোশাকের নকশাটি অভিজাত হওয়ায় সাজেও আছে পরিশীলিত ও ছিমছাম ভাব। চোখে আছে হালকা বাদামি ও শিমারি রঙের আই মেকআপ। ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপশেড, গালে হালকা ব্লাশ ও হাইলাইটার চেহারায় এনে দিয়েছে উজ্জ্বলতা। চুল মাঝখান থেকে সিঁথি করে লো বান স্টাইলে বাঁধা হয়েছে। কানের দুলে মুক্তার কারুকাজ এবং হাতের সোনালি কাফ ব্রেসলেট সাজটিতে এনেছে স্নিগ্ধতা। সন্ধ্যার আয়োজনের জন্য মানানসই এই সাজ।
২. গাঢ় গোলাপি ও ওয়াইন রঙের জমকালো সাজ
সাজটিতে ফুটে উঠেছে উৎসবের জমকালো আবহ। যাঁরা একটু ভারী ধাঁচে সাজতে চান, তাঁদের জন্য মানানসই। গাঢ় গোলাপি ও ওয়াইন রঙের পোশাকে করা আছে ফুলের নকশা এবং সোনালি কাজ। ঢেউখেলানো স্টাইলে চুল খোলা রাখা হয়েছে, যা পুরো সাজে এনেছে নমনীয়তা।
৩. হালকা বাঙ্গি রঙের সকালের সাজ
পুরো সাজটিতেই আছে হালকা বাঙ্গি রঙের আভা। আই মেকআপ, ব্লাশে সূক্ষ্মতার সঙ্গে রংটি ব্যবহার করা হয়েছে, যেন অতিরিক্ত না লাগে। খোলা চুল আর হালকা গয়নার এই সাজটি সকাল বা দুপুরের জন্য মানানসই।
৪. কানের কাফ দিয়ে আলাদা মাত্রা
ঈদের সাজে আলাদা মাত্রা যোগ করতে পারে কানের কাফ। ভারী হার বা অতিরিক্ত গয়নার বদলে এমন একটি অলংকারই হয়ে উঠতে পারে পুরো সাজের মূল আকর্ষণ। এ ধরনের দুল ব্যবহার করলে চুল বেঁধে রাখুন সব সময়।



