অবশেষে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় দেখা দিলেন ৩৯ বছর বয়সী বলিউড তারকা অদিতি রাও হায়দারি। তিনি এবার লেবানিজ লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড টনি ওয়ার্ল্ড কতুরের ২০২৫ সালের স্প্রিং সামার সংগ্রহের নিয়ন মেটালিক সবুজ গাউনে অংশ নেন। গাউনটি তাঁর জন্য বিশেষভাবে কাস্টমাইজড করা হয়েছিল। সাধারণত এ ধরনের উৎসবের জন্য বিশেষভাবে তৈরি পোশাকের দাম প্রকাশ করা হয় না, তবে এ ধরনের একটি গাউনের দাম ৭ হাজার থেকে ১০ হাজার ডলার বা প্রায় ১২ লাখ টাকা হতে পারে।
গাউনের ডিজাইন ও বৈশিষ্ট্য
গাউনটির ওয়ান-শোল্ডার ডিজাইন, ভাস্কর্যের মতো গঠিত বডিস এবং ঝলমলে ধাতব ফিনিশ পুরো লুকটিকে ভবিষ্যৎধর্মী ও রাজকীয় আবহ দিয়েছে। ফ্লোর-সুইপিং গাউনটির ড্রেপিং ও প্রবহমান নরম টেক্সচার পুরো লুকটিকে ফ্রেশ, রোমান্টিক আর ফ্রেঞ্চ রিভেয়েরার আবহের সঙ্গে মানানসই করেছে। ক্যামেরার ফ্ল্যাশে পোশাকটির মেটালিক টেক্সচার আরও উজ্জ্বল হয়ে উঠেছে। এ ছাড়া গাউনের থাই-হাই স্লিট লুকে যোগ করেছে সাহসী আবেদন।
মিনিমাল স্টাইলিং
অদিতির স্টাইলিং ছিল মিনিমাল। খোলা ঢেউখেলানো চুল, হালকা মেকআপ আর সূক্ষ্ম হীরার গয়নার মাধ্যমে তিনি পুরো মনোযোগটিই গাউনের ওপর ধরে রেখেছেন। ল’রিয়েল প্যারিস গার্ল হিসেবে চতুর্থবারের মতো কানের লালগালিচায় অংশ নেওয়া অদিতি কয়েক বছর ধরে কান উৎসবে নিজের একটি স্বতন্ত্র ফ্যাশন পরিচয় গড়ে তুলেছেন।
শাড়িতে ঐতিহ্যের ছোঁয়া
ফরাসি সাগরপাড়ের শহর কানে পৌঁছে প্রথম লুকে অদিতিকে দেখা যায় শ্যাম্পেন রঙের সিল্ক টিস্যু শাড়িতে, যা মোগল স্থাপত্যের চাহারবাগ নকশা থেকে অনুপ্রাণিত। শাড়ির ড্রেপিং বা শাড়ি পরার স্টাইলিং নিয়ে এত পরীক্ষা-নিরীক্ষা চলছে যে অদিতি ঐতিহ্যবাহী প্রথা মেনেই শাড়িটি পরেছেন; আর সেটিকে তিনি সময়ের বাস্তবতায় বলেন ‘বৈপ্লবিক’। ভারতীয় ডিজাইনার জুটি মনিকা ও করিশমার ব্র্যান্ড জেডের তৈরি কাস্টম মেড শাড়িটিতে ছিল আইভরি ও সোনালি জরির সূক্ষ্ম কাজ।
সংযত সৌন্দর্য
অদিতি এই লুকের সঙ্গে বেছে নিয়েছেন মিনিমাল গয়না ও সফট মেকআপ। খোঁপায় বাঁধা চুল, মভ টোনের লিপস্টিক আর সংযত স্টাইলিং শাড়ির সৌন্দর্যকে আরও স্পষ্ট আর উজ্জ্বল করে তুলেছে। প্রতিবারই তাঁর উপস্থিতিতে থাকে পরিশীলিত ও সংযত সৌন্দর্যের ছাপ। কান উৎসবে অদিতি রাও হায়দারি প্রমাণ করলেন, অতিরঞ্জিত গ্ল্যামারের ভিড়েও সংযত সৌন্দর্য ও ঐতিহ্যবাহী পোশাকই হয়ে উঠতে পারে শক্তিশালী ফ্যাশন স্টেটমেন্ট।



