গোপন ত্যাগে জিতে যায় তাকওয়া, হার মানে প্রবল ইচ্ছা
গোপন ত্যাগে জিতে যায় তাকওয়া, হার মানে ইচ্ছা

মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন একদিকে থাকে প্রবল আকাঙ্ক্ষা, অন্যদিকে থাকে আল্লাহর নির্দেশ। তখন হৃদয়ের ভেতর শুরু হয়— নফসের চাহিদা আর ঈমানের আহ্বানের মধ্যে এক নীরব যুদ্ধ। অনেকেই মনে করেন, ইবাদত মানেই শুধু নামাজ, রোজা বা দান-সদকা। অথচ আল্লাহর কাছে এমন একটি ইবাদত রয়েছে, যা অনেক সময় চোখে দেখা যায় না। সেটি হলো—হারাম কাজের প্রতি প্রবল আকর্ষণ থাকা সত্ত্বেও শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তা বর্জন করা।

যে ত্যাগের সাক্ষী কেবল আল্লাহ

যে ত্যাগের সাক্ষী কেবল আল্লাহ, সেই ত্যাগই অনেক সময় বান্দাকে তার সবচেয়ে প্রিয়দের কাতারে স্থান করে দেয়।

কুরআনের আলোকে আত্মসংযমের মর্যাদা

আল্লাহ তাআলা বলেন— وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ ۝ فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ ‘আর যে ব্যক্তি তার রবের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং নিজের নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে, নিশ্চয়ই জান্নাতই হবে তার আবাসস্থল।’ (সুরা আন-নাযিআত: আয়াত ৪০-৪১) এই আয়াত আমাদের শিক্ষা দেয়, প্রকৃত সফলতা সেই ব্যক্তির জন্য, যে নিজের প্রবৃত্তির দাস না হয়ে আল্লাহর আনুগত্যকে প্রাধান্য দেয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গোপন ত্যাগের জন্য বিশেষ পুরস্কার

রাসুলুল্লাহ (সা.) বলেছেন— وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ ‘সাত শ্রেণির মানুষের একজন হলো সেই ব্যক্তি, যাকে কোনো উচ্চবংশীয় ও সুন্দরী নারী (অবৈধ সম্পর্কে) আহ্বান করে, আর সে বলে— ‘আমি আল্লাহকে ভয় করি।’ (বুখারি ৬৬০, মুসলিম ১০৩১) লক্ষ্য করুন, এখানে ব্যক্তি হারাম কাজে অক্ষম ছিল না; বরং সুযোগ, আকর্ষণ ও সামর্থ্য—সবকিছু থাকার পরও আল্লাহর ভয় তাকে সেই গুনাহ থেকে ফিরিয়ে রেখেছে। এটাই প্রকৃত তাকওয়া।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আল্লাহর জন্য কিছু ছেড়ে দিলে কী হয়?

রাসুলুল্লাহ (সা.) বলেছেন— إِنَّكَ لَنْ تَدَعَ شَيْئًا لِلَّهِ عَزَّ وَجَلَّ إِلَّا بَدَّلَكَ اللَّهُ بِهِ مَا هُوَ خَيْرٌ لَكَ مِنْهُ ‘তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু ত্যাগ করলে, আল্লাহ অবশ্যই তার পরিবর্তে তোমাকে তার চেয়েও উত্তম কিছু দান করবেন।’ (মুসনাদে আহমাদ ২৩১৭০) এটি আল্লাহর পক্ষ থেকে এক মহাসুন্দর প্রতিশ্রুতি। হয়তো আপনি কোনো হারাম সম্পর্ক ছেড়েছেন, কোনো অবৈধ উপার্জন ছেড়েছেন, কোনো গোপন গুনাহ থেকে ফিরে এসেছেন— আল্লাহ আপনার সেই ত্যাগকে কখনোই বৃথা যেতে দেবেন না।

প্রকৃত তাকওয়া কোথায়?

যে ব্যক্তি কোনো হারাম কাজের প্রতি স্বাভাবিকভাবেই অনাগ্রহী, তার জন্য তা বর্জন করা তুলনামূলক সহজ। কিন্তু যার হৃদয় সেই কাজের প্রতি আকৃষ্ট, সুযোগও আছে, তবুও সে শুধু আল্লাহর ভয়ে নিজেকে সংযত রাখে— তার ত্যাগের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। কারণ তাকওয়া শুধু গুনাহ না করার নাম নয়; তাকওয়া হলো গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টিকে বেছে নেওয়ার নাম।

জীবনের সবচেয়ে বড় জিহাদ

জীবনের সবচেয়ে বড় জিহাদ অনেক সময় বাইরের কোনো যুদ্ধ নয়; বরং নিজের নফসের বিরুদ্ধে পরিচালিত নীরব সংগ্রাম। যখন কেউ একান্তে, মানুষের চোখের আড়ালে, নিজের প্রবল ইচ্ছাকে দমন করে আল্লাহর আদেশকে প্রাধান্য দেয়— সেই মুহূর্তই তার ঈমানের সবচেয়ে উজ্জ্বল প্রমাণ হয়ে ওঠে। তাই মনে রাখুন, আল্লাহ শুধু আপনার আমল দেখেন না; তিনি দেখেন সেই ত্যাগ, সেই কষ্ট, সেই আত্মসংযম, যা আপনি তাঁর সন্তুষ্টির জন্য করেছেন। হয়তো মানুষ আপনার ত্যাগ দেখেনি, কিন্তু আরশের মালিক তা দেখেছেন। আর আল্লাহর কাছে গৃহীত একটি গোপন ত্যাগই হতে পারে আপনার জান্নাত লাভের সবচেয়ে বড় কারণ।