ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল তাঁর অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তিনি সক্রিয়। নেটিজেনদের মধ্যে তাঁর সৌন্দর্য নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলে। বিশেষ করে অনেকে দাবি করেন, সৌন্দর্য বাড়াতে তিনি প্লাস্টিক সার্জারি করিয়েছেন।
প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল
সম্প্রতি এক পডকাস্টে সাক্ষাৎকারে সেই সমালোচনার জবাব দিয়েছেন অভিনেত্রী। কেয়া পায়েল বলেন, এই প্রথম আমি বিষয়টি নিয়ে কথা বলছি। তবে আমি বলব, প্রতিটি মানুষ জন্মগতভাবেই সুন্দর। ছোটবেলা থেকেই নিজের সৌন্দর্য নিয়ে প্রশংসা শুনে বড় হয়েছি। তাঁর কাছে প্রাকৃতিক সৌন্দর্যই বেশি গুরুত্বপূর্ণ।
হুজুগে মানসিকতা নিয়ে ক্ষোভ
অভিনেত্রী আরও বলেন, আমাদের দেশের মানুষ একটু অতি আবেগপ্রবণ। একজন যদি কিছু বলা শুরু করে, তবে অন্যরাও না জেনেই বলা শুরু করে দেয়। তারা জানে না আসলে কী হয়েছে। এমনকি আমার পাঁচ বছর আগের ছবি দেখেও এখন মন্তব্য করে।
কেয়া পায়েল বলেন, এই হুজুগে মানসিকতা আমাদের পুরো জাতির মধ্যেই রয়েছে। রাস্তায় কোনো ঘটনা ছাড়াই শুধু ভিড় দেখে মানুষ জড়ো হয়। সেখানে কী হচ্ছে তা না জেনেই মানুষ দাঁড়িয়ে যায়। এই মানসিকতা অনেক দিন ধরে চর্চা হচ্ছে বলে জানান তিনি।
প্রাকৃতিক সৌন্দর্যেই খুশি
অভিনেত্রী বলেন, কখনোই আমার মধ্যে এমন উদ্দেশ্য ছিল না যে, অতিরিক্ত কিছু করে সৌন্দর্য বাড়াতে হবে। কারণ আমি যেমন আছি, তেমনই খুশি। তবে টুকটাক দুই-একটা জিনিস একটু যোগ করেছি মাত্র। আর তাতেই আমার ভক্তরা এতটা ক্ষেপে যান যে, তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারেন না। তাদের এ অবস্থা দেখে আমি মনে মনে ভাবি—ভাই মাফ চাই, আর হবে না।



