ইরান-মার্কিন কূটনৈতিক প্রচেষ্টা আবারও থমকে গেল
ইরান-মার্কিন কূটনৈতিক প্রচেষ্টা থমকে গেল

ইরান যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা আবারও থমকে গেছে। দুই পক্ষই নিজ নিজ দাবিতে অনড় থাকায় এবং সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন রূপ নিচ্ছে। কড়া অবরোধ আর পাল্টা অবরোধের মুখে উভয় দেশই এখন একে অপরের ‘চোখের পলক’ ফেলার অপেক্ষায় রয়েছে।

ইরানের নতুন প্রস্তাব

তেহরান সম্প্রতি একটি নতুন প্রস্তাব দিয়েছে, যেখানে পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনা আপাতত স্থগিত রাখার কথা বলা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলো থেকে অবরোধ তুলে নেয় এবং দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে রাজি হয়, তবেই ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ শিথিল করবে।

মার্কিন প্রতিক্রিয়া

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের মূল লক্ষ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে বলেন, পারমাণবিক কর্মসূচি বাদ দিয়ে কোনও চুক্তি হতে পারে না। আমরা তাদের পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে যেতে দিতে পারি না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শান্তি আলোচনা কি আর এগোবে না?

গত ৮ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি চললেও শান্তি আলোচনা এগোচ্ছে না। পাকিস্তান ইসলামাবাদে দুই পক্ষকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। এমনকি এ সপ্তাহে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠানোর কথা থাকলেও ট্রাম্প তা বাতিল করেছেন। ফলে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের তাৎক্ষণিক প্রচেষ্টায় ভাটা পড়েছে।

জ্বালানি সংকটে বিশ্ব অর্থনীতি

বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ সরবরাহ হয় হরমুজ প্রণালি দিয়ে। এটি বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে। আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে এই পরিস্থিতি বিশ্ব অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, মার্কিন ব্লকেডের কারণে ইরানের অর্থনীতিও কার্যত শ্বাসরুদ্ধকর অবস্থায় রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার

আলোচনা যখন স্থবির, তখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদার করা হয়েছে। বর্তমানে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরী (ইউএসএস আব্রাহাম লিনকন, ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড এবং ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ বুশ) মোতায়েন রয়েছে। এতে প্রায় ১৫ হাজার নৌসেনা ও মেরিন সেনা এবং ২০০-এর বেশি যুদ্ধবিমান রয়েছে।

আন্তর্জাতিক সহায়তা পাওয়ার চেষ্টায় ইরান

কূটনৈতিক সমর্থনের আশায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে তিনি পাকিস্তান ও ওমান সফর করেন। এই দুই দেশই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র-ইরান সংলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ট্রাম্পের দাবি অনুযায়ী ইরান যেন তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে হস্তান্তর করে, সে বিষয়ে মস্কো সহায়তার ইঙ্গিত দিলেও তেহরান এখনও তাদের মজুত ছাড়তে রাজি নয়। বর্তমানে এসব ইউরেনিয়াম দেশটির ভেতরেই রয়েছে, যা গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর ভেতরে সংরক্ষিত বলে ধারণা করা হচ্ছে। তেহরানের দাবি, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক।