মা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির সফিউদ্দীন শিল্পালয়ে শুরু হয়েছে ছয় দিনব্যাপী যৌথ চিত্র প্রদর্শনী ‘সব নারীতেই মা’। গত রোববার বিকেলে চিত্রশিল্পী ও ভাস্কর আইভী জামান এবং সংগীতশিল্পী মেহরীন এই প্রদর্শনীর উদ্বোধন করেন। নারীদের সংগঠন ‘জলকন্যা’র আয়োজনে এটি তাদের দশম প্রদর্শনী। এবারের আয়োজনে ১২ জন নারী শিল্পীর মোট ৩৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে। জলরঙের পাশাপাশি অ্যাক্রিলিক ও কফি মাধ্যমে আঁকা ছবি দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী।
প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরের শিল্পীদের উৎসাহ
আয়োজকেরা জানান, প্রাতিষ্ঠানিক শিল্পশিক্ষার বাইরে থেকেও যাঁরা ছবি আঁকেন, তাঁদের কাজকে উৎসাহ দিতেই এই আয়োজন। মূলত নারীরা জলের সহযোগিতায় রং দিয়ে ছবি আঁকেন বলেই সংগঠনটির নাম রাখা হয়েছে ‘জলকন্যা’।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য
উদ্বোধনী অনুষ্ঠানে সংগীতশিল্পী মেহরীন নিজের মায়ের স্মৃতিচারণা করেন, ‘আমি নিজে একজন মা, আবার আমারও একজন মা আছেন। মায়ের স্মৃতি জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। স্বর্গের চাবি আসলে মায়ের হাতেই থাকে।’
চিত্রশিল্পী আইভী জামান বলেন, ‘শুধু একটি বিশেষ দিন নয়, প্রতিটি দিনই আসলে মা দিবস। নানা দায়িত্বের মধ্যেও শিল্পীরা যেভাবে ছবি এঁকে এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।’
জলকন্যার কর্ণধার সুপর্ণা এলিস গমেজ বলেন, ‘মাতৃত্ব কেবল সন্তান জন্মদানের বিষয় নয়, এটি একটি বোধের নাম।’ প্রদর্শনীটির কিউরেশনে সহযোগিতা করেছেন শিল্পী অশোক কর্মকার। প্রদর্শনীর টাইটেল স্পনসর দ্য সিটি ব্যাংক পিএলসি।
অংশগ্রহণকারী শিল্পী
প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন সুপর্ণা এলিস গমেজ, সাবিয়া নাসরিন, এলিনা চাকমা, মাহফুজা খানম, জ্যাকলিন রিয়া রোজারিও, শামা সায়োম, এনেষ্টিনা পাপিয়া গমেজ, দীপান্বিতা মহলদার, ইসরাত বিনতে রউফ, সালসাবিল সুলতানা, জীনাতুল কুবরা নিপা ও সিলভিয়া তেরেজা কস্তা।
প্রদর্শনীর সময়সূচি
প্রদর্শনীটি ১৫ মে পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।



