বরিশালের মুলাদী উপজেলায় ধর্ষণের শিকার এক কিশোরী সন্তান প্রসবের পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত ব্যক্তির নাম জিসান মোল্লা (২৪)। রোববার (১০ মে) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করে মুলাদী থানায় হস্তান্তর করা হয়। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার বিবরণ
মুলাদী থানার ওসি মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জিসান মোল্লা মুলাদী পৌরসভার চরডিক্রী গ্রামের কবির ওরফে রাজু মোল্লার ছেলে। তিনি এলাকায় মুদি ব্যবসা করেন। পুলিশ জানায়, জিসান মোল্লা পৌরসভার মোল্লা ব্রিজ এলাকায় মুদি মালামালের ব্যবসা করেন। ২০২৫ সালে বিভিন্ন সময় মেয়েটির মা জিসানের মুদি দোকান থেকে বাকিতে প্রায় পাঁচ হাজার টাকার মালামাল নেন। পরে মেয়েটির মা পাঁচ সন্তান রেখে অন্যত্র বিবাহ করেন।
ধর্ষণের ঘটনা
মায়ের কাছে টাকা পাওয়ার অজুহাতে জিসান মোল্লা প্রায়ই মেয়েটিকে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন। পরে ২০২৫ সালের ৩ জুলাই মেয়েটি ওই দোকানে চাল কিনতে গেলে জিসান মোল্লা তাকে ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই সময় মেয়েটি চিৎকার করার চেষ্টা করলে তাকে পাঁচ হাজার টাকা পরিশোধের জন্য চাপ দেওয়া হয়, এমনকি এলাকা ছাড়ার হুমকিও দেওয়া হয়। পরবর্তীতে বকেয়া টাকা দাবি করে জিসান ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করে। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
সন্তান প্রসব ও মামলা
ঘটনার প্রায় ৭ মাস পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মেয়েটির শারীরিক অবস্থার পরিবর্তন হলে তার খালা তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় মেয়েটি ঘটনাটি বলে দেয়। পরে জিসান মোল্লার চাপে এবং লোকলজ্জার ভয়ে শিশু দত্তক দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে উপজেলার চরকালেখান এলাকার একটি বাড়িতে মেয়েটিকে লুকিয়ে রাখে। পরে গত ৬ এপ্রিল মেয়েটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তান প্রসব করেন।
সন্তান জন্মের পরে জিসান মোল্লা ও তার পরিবার আরও ক্ষিপ্ত হন এবং মেয়েটিকে সপরিবারে হত্যার হুমকি দেন। পরে তার পরিবার ভীত হয়ে পড়ে এবং গত ২৫ এপ্রিল মেয়েটির বাবা বাদী হয়ে জিসান মোল্লাকে আসামি করে মুলাদী থানায় মামলা করেন।
গ্রেফতার ও কারাগার
ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, কিশোরীকে ধর্ষণ মামলায় ব্যবসায়ী জিসান মোল্লাকে গ্রেফতার করা হয়েছে এবং সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



