তামিল সিনেমা জগতে নতুন সাফল্যের গল্প লিখেছে ‘কারুপ্পু’। মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ দাপট দেখাচ্ছে সুরিয়া ও তৃষা কৃষ্ণান অভিনীত এই আদালতভিত্তিক নাটকীয় চলচ্চিত্রটি। আরজে বালাজি পরিচালিত ছবিটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে।
পাঁচ দিনের আয়
১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘কারুপ্পু’ প্রথম দিনেই আয় করে প্রায় ১৫ কোটি রুপি। সপ্তাহান্তে আয় আরও বেড়ে যায়। শনিবার ও রোববার মিলিয়ে ছবিটির সংগ্রহ দাঁড়ায় ৩২ দশমিক ৫০ কোটি রুপি। কর্মদিবস সোমবারেও ছবিটির গতি কমেনি; সেদিন আয় হয়েছে প্রায় ১৪ দশমিক ৩০ কোটি রুপি।
চার দিনে ভারতের ঘরোয়া বাজারে মোট আয় দাঁড়িয়েছে ৮২ দশমিক ৩০ কোটি রুপি। পঞ্চম দিনে ছবিটি ১ হাজার ৬৩৬টি শোতে চলছে এবং আয় করেছে প্রায় ১ দশমিক ৩৭ কোটি রুপি। ফলে ভারতের মোট আয় পৌঁছেছে ৯৬ দশমিক ৯১ কোটি রুপিতে।
বিশ্বব্যাপী সাফল্য
বিদেশের বাজারেও ছবিটি সফল। আন্তর্জাতিক বাজার থেকে প্রায় ৪৭ কোটি রুপি আয় করেছে ‘কারুপ্পু’। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট আয় এখন প্রায় ১৪২ দশমিক ৩০ কোটি রুপি। বিশ্লেষকদের ধারণা, খুব দ্রুতই ছবিটি ১৫০ কোটির ক্লাবে প্রবেশ করবে।
গল্প ও চরিত্র
ছবিটির গল্প এক বৃদ্ধ ব্যক্তি ও তাঁর নাতনিকে ঘিরে, যারা বছরের পর বছর আদালতে ন্যায়বিচারের জন্য লড়াই করে। তৃষা এখানে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি তাঁদের মামলা হাতে নেন। পরে গল্পে যোগ দেন সুরিয়া—যিনি আদালতের ভেতরে ও বাইরে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন।
মুক্তি জট ও বিতর্ক
‘কারুপ্পু’ মুক্তির আগে একাধিকবার পিছিয়েছে। প্রথমে ২০২৫ সালের দীপাবলিতে মুক্তির কথা থাকলেও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়। পরে তামিলনাড়ু নির্বাচনের কারণে আবারও মুক্তি স্থগিত করা হয়। মুক্তির সপ্তাহেও তৈরি হয় নতুন সংকট। প্রযোজক ও অর্থলগ্নিকারীদের আর্থিক জটিলতায় ছবিটির সকাল ও দুপুরের বেশ কিছু শো বাতিল হয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকেরা। তবে মুক্তির পর এসব কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি; দর্শক থেকে সমালোচক সবারই প্রশংসা পাচ্ছে ‘কারুপ্পু’।
কোলিউডের জন্য ইতিবাচক বার্তা
সমালোচকদের মতে, ২০২৬ সালে বড় সাফল্যের অভাবে কিছুটা ধুঁকছিল কোলিউড ইন্ডাস্ট্রি। সেই জায়গায় নতুন প্রাণ ফিরিয়ে এনেছে ‘কারুপ্পু’। বিশেষ করে সামনে মুক্তির অপেক্ষায় থাকা বিজয়ের ‘জন নায়গন’ ও রজনীকান্তের ‘জেলার ২’-এর মুক্তির আগে এই সাফল্য তামিল সিনেমা অঙ্গনের জন্য ইতিবাচক বার্তা হিসেবেই দেখা হচ্ছে।



