প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আজমান রুশোর প্রথম সিনেমা ‘রকস্টার’। ছবিতে জুটি হয়েছেন শাকিব খান ও সাবিলা নূর। ঈদের দিন থেকে সিনেমার প্রচারে প্রেক্ষাগৃহে এসেছিলেন নির্মাতা আজমান রুশো ও অভিনেত্রী সাবিলা নূর ও তানজিয়া মিথিলা। মুক্তির পর সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য আসছে। এসব নিয়ে নিজের বিরক্তির কথা জানিয়েছেন নির্মাতা।
নির্মাতার প্রতিক্রিয়া
আজ সোমবার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপকালে আজমান রুশো বলেন, ‘সিনেমাটি মাত্র মুক্তি পেয়েছে, এরপরই যেসব মিথ্যাচার হচ্ছে, এটা বিরক্তির।’ তিনি আরও বলেন, ‘কিছু মানুষ মিথ্যাচার করছে কিন্তু সত্য ও ভালো সিনেমার জয় সব সময় হবেই।’
গল্প ও চরিত্র
গত কয়েক বছরে শাকিব খানকে অ্যাকশন চরিত্রে দেখা গেলেও ‘রকস্টার’-এ তিনি সংগীতশিল্পী। প্রথম সিনেমায় এমন গল্প বেছে নেওয়ার ঝুঁকি ছিল বলে জানালেন নির্মাতা। তবে গল্পটি নিজের খুব পছন্দের হওয়ায় দ্বিধা করেননি। আজমান রুশো নিজেও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। নিজের ও বাস্তব জীবনের রকস্টারদের অভিজ্ঞতা মিশিয়ে গল্প তৈরি করেছেন।
সিনেমায় শাকিবের সঙ্গে আছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলা ও সুনিধি নায়েক। বেশির ভাগ গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি, যিনি কণ্ঠও দিয়েছেন। সংগীত পরিচালনায় জাহিদ নীরব। অঞ্জন চৌধুরী নিবেদিত সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব ও সামিউল ভূঁইয়া। এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার চরকি। সব গান মুক্তি পাচ্ছে এসভিএফ মিউজিক, চরকি ও বিলিং মিউজিকের অফিশিয়াল চ্যানেলে।
দর্শকদের প্রতি বার্তা
গতকাল রোববার দেওয়া সাক্ষাৎকারে আজমান রুশো বলেন, ‘সিনেমাটি মাত্র মুক্তি পেয়েছে, একটু সময় দিন। এটি কারও ভালো লাগবে, কারও খারাপ লাগবে, যেটা কমপ্লিটলি ফাইন। দর্শককেই সিদ্ধান্ত নিতে দিন। আমরা কারও ওপর চাপিয়ে দিই না দেখেই, কিন্তু দেখে বলুক। আপনারা হয়তো অনেক নেতিবাচক মন্তব্য দেখছেন, কিন্তু এটা কি দেখছেন প্রতিটি শো হাউসফুল যাচ্ছে। তাহলে কারা দেখছেন?’
সিনেমার ভাবনা
‘রকস্টার’ দর্শকদের ভাবাবে বলে মন্তব্য করেন রুশো। তিনি বলেন, ‘এটা এখন দেখেছি ভুলে যাব, বিষয়টা তা নয়। সিনেমাটি, এর গানগুলো আপনাকে ভাবাবে। এই সিনেমা আমরা এভাবেই বানাতে চেয়েছি যেন দর্শকদের সঙ্গে দেখে যায়। আমাদের গানগুলোরও একটা দর্শনগত ব্যাপার যাচ্ছে, যা একবার শুনলে হয়তো বোঝা যাবে না। এটা তো অ্যাকশন সিনেমা না যে দেখলাম ভুলে যাবে। এটা দর্শকদের ভাবাবে। প্রথম দিন থেকে দ্বিতীয় দিন, এর থেকে তৃতীয় দিন আরও ভালো করছে। “রকস্টার”-এর প্রতিটি শো হাউসফুল যাচ্ছে।’



