গাড়ির গ্লাস ভেঙে ১২ লাখ টাকা চুরি, গ্রেফতার ১
রাজশাহীর দুর্গাপুরে প্রাইভেট কারের গ্লাস ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাহফুজ আহম্মেদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার শ্রীধরপুর গ্রামসংলগ্ন পাচুবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাহফুজ আহম্মেদ দুর্গাপুর উপজেলার গোপিনাথপুর খাসখামার গ্রামের বাসিন্দা।
পুলিশের বক্তব্য
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগী জাহাঙ্গীর আলম দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। পাশাপাশি তিনি মাছ চাষের ব্যবসার সঙ্গেও জড়িত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্গাপুর জনতা ব্যাংক শাখা থেকে ১২ লাখ টাকা উত্তোলন করেন তিনি। পরে দুপুর সোয়া ১টার দিকে বাড়ির নিচতলার গ্যারেজে রাখা ব্যক্তিগত গাড়ির ভেতরে টাকাগুলো রেখে গাড়িতে তালা লাগিয়ে দ্বিতীয়তলায় যান। সে সময় তার বাড়িতে নির্মাণকাজ চলছিল।
ঘটনার বিবরণ
পরে দুপুর পৌনে ৩টার দিকে নিচে নেমে এসে তিনি দেখতে পান, গাড়ির ভেতরে রাখা টাকাগুলো নেই। একই সঙ্গে গাড়ির বাম পাশের দরজার গ্লাস ভাঙা দেখতে পান তিনি। এ ঘটনায় জাহাঙ্গীর আলম বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে পাচুবাড়ি বাজার এলাকা থেকে মাহফুজ আহম্মেদকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
টাকা উদ্ধার ও আসামির অবস্থা
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর আলমের বাড়ির সিঁড়ির নিচে সিমেন্টের বস্তার ভেতরে রাখা একটি শপিং ব্যাগ থেকে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার মাহফুজ আহম্মেদকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



