ইরান যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি চুক্তির সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে। পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে এ লিখিত জবাব পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে জবাবের বিষয়বস্তু জানা যায়নি। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএকে জানিয়েছে, তেহরান আজ রোববার জবাব দিয়েছে। আইআরএনএ’র বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, ‘ইরান আজ পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব পাঠিয়েছে।’
পাল্টাপাল্টি প্রস্তাবের ধারা
যুদ্ধ আনুষ্ঠানিকভাবে বন্ধ করতে শান্তি চুক্তির জন্য এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের কাছে একাধিক দফায় পাল্টাপাল্টি প্রস্তাব পাঠিয়েছে। কিন্তু এখনও তারা চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি। এই পরিস্থিতিতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের কাছে একটি ১৪ দফার প্রস্তাব পাঠায়। যুক্তরাষ্ট্র আশা করেছিল, ইরান গত শুক্রবারের মধ্যে প্রস্তাবটির জবাব দেবে, কিন্তু তা হয়নি।
হরমুজ প্রণালিতে উত্তেজনা
এই অবস্থায় গত বৃহস্পতিবার থেকে হরমুজ প্রণালি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে উভয় পক্ষের সেনারা পাল্টাপাল্টি বিক্ষিপ্ত সংঘাতে জড়িয়ে পড়ে। শুক্রবার যুক্তরাষ্ট্র দাবি করে, তারা ইরানের পতাকাবাহী দুটি ট্যাংকার অচল করে দিয়েছে। অন্যদিকে, ইরান দাবি করে, তারা ওমান উপসাগরে একটি তেলের ট্যাংকার জব্দ করেছে।
সংঘাতের সূত্রপাত
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। পাল্টা জবাবে ইরান ইসরায়েলে হামলা চালায় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতেও হামলা করে। যুদ্ধের ৪০ দিনের মাথায় পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়।
আলোচনার অগ্রগতি
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১১ ও ১২ এপ্রিল দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে প্রায় ২১ ঘণ্টার বৈঠক হয়; কিন্তু কোনো সমঝোতা ছাড়া বৈঠক শেষ হয়। এরপর থেকে তাদের মধ্যে দ্বিতীয় বৈঠকে বসানোর বিষয়ে আলোচনা চলছে। সর্বশেষ প্রস্তাবের জবাব পাওয়ার পর এখন নতুন করে আলোচনার পথ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।



