ইরান ওমান সাগর থেকে ‘ওশেন কোই’ নামের একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে। জাহাজটিতে ইরানের তেল ছিল বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার (৮ মে) ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ওশেন কোই নামের জাহাজটি ইরানের তেল বহন করছিল। তবে আঞ্চলিক পরিস্থিতির সুযোগ নিয়ে এটি ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত করার চেষ্টা করছিল বলে অভিযোগ করা হয়েছে। যদিও কীভাবে সেই ক্ষতির চেষ্টা করা হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
ট্যাংকার জব্দের ঘটনা
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাংকারটি গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিল। পরে ইরানি নৌবাহিনী জাহাজটিকে ওমান সাগর থেকে দেশটির দক্ষিণ উপকূলের দিকে নিয়ে যায়। ফার্স নিউজ জানিয়েছে, ট্যাংকারটি পরে বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
হরমুজ প্রণালিতে সংঘর্ষ
এর আগে বৃহস্পতিবার রাতে হরমুজ প্রণালি এলাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষ একে অপরের ওপর হামলা চালায়। এর একদিন পরই ট্যাংকার জব্দের এ ঘটনা ঘটল। ওমান সাগর আরব উপসাগরকে বহির্বিশ্বের সঙ্গে যুক্ত করার গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হিসেবে পরিচিত।
ইরানের হরমুজ প্রণালি বন্ধ
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালানোর পর তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয় বলে জানা যায়। যা এখনো কার্যকর রয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। সূত্র: রয়টার্স



