চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ৫৭ শিশু হাসপাতালে ভর্তি
চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ৫৭ শিশু হাসপাতালে

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৫৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে তিনজন বিভিন্ন উপজেলার এবং বাকি ৫৪ জন নগরীর বাসিন্দা। সোমবার (১১ মে) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

হাসপাতালে ভর্তি ও ছাড়পত্রের পরিসংখ্যান

ওইদিন সুস্থ হওয়ায় নগরীর ৫০ জন ও উপজেলার পাঁচজনসহ মোট ৫৫ শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৪৯ জন। তবে ঢাকা থেকে পরীক্ষার রিপোর্ট না আসায় সোমবার নতুন করে হাম আক্রান্তের কোনো তথ্য জানাতে পারেনি সিভিল সার্জন কার্যালয়।

হাম শনাক্তকরণ ও নমুনা পরীক্ষা

সূত্রে জানা গেছে, চট্টগ্রামে এ পর্যন্ত ১১৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ৭১ জন এবং উপজেলার ৪৪ জন বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম থেকে এখন পর্যন্ত ৯০০ জনের নমুনা ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে নগরীর ৭৪২ জন এবং উপজেলার ১৫৮ জন রয়েছেন। তবে সোমবার নতুন কোনো নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এর আগে শনিবার একদিনে ১১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়। ওইদিন উপসর্গ থাকা নগরীর ৬০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সিভিল সার্জনের বক্তব্য

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ৫৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত নগরী ও উপজেলার এক হাজার ৩০ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ