রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একইসঙ্গে ওই রাতে কী ঘটেছিল, সে বিষয়ে প্রাথমিক ব্যাখ্যাও দিয়েছে তারা। বুধবার (২৭ মে) হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২৬ মে দিবাগত রাত ২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ ওয়ার্ড-২-এ শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু ছিল। তবে ওয়ার্ডে থাকা কয়েকজন নবজাতকের মা অতিরিক্ত ঠান্ডার কারণে এসি বন্ধ করার অনুরোধ জানান। পরে দায়িত্বরত নার্সরা এসি বন্ধ করে দেন।
ঘটনার সময়রেখা
হাসপাতালের ভাষ্য অনুযায়ী, রাত ৩টার দিকে পুনরায় এসি চালু করা হয়। এর প্রায় এক ঘণ্টা পর রাত ৪টার দিকে এক নবজাতক অস্বাভাবিকভাবে কান্না শুরু করলে তাকে দ্রুত নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) নেওয়া হয়। পরে একই ধরনের সমস্যা দেখা দিলে আরও পাঁচ নবজাতককে সেখানে স্থানান্তর করা হয়। কর্তৃপক্ষ জানায়, সকাল ৬টার দিকে প্রথম শিশুটির মৃত্যু হয়। এরপর সকাল ৬টা থেকে ৯টার মধ্যে পর্যায়ক্রমে আরও পাঁচ নবজাতকের মৃত্যু ঘটে।
ওয়ার্ডের অবস্থা ও দায়িত্বপ্রাপ্ত কর্মী
হাসপাতাল জানিয়েছে, ওই ওয়ার্ডে সদ্য সন্তান প্রসব করা মায়েরা শিশুদের সঙ্গে অবস্থান করছিলেন এবং রাতের শিফটে তিনজন নার্স দায়িত্বে ছিলেন। ঘটনার পর হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাটি তদন্তে হাসপাতালে অবস্থান করছেন বলে জানানো হয়েছে।
তদন্ত ও পরবর্তী ব্যবস্থা
হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। একইসঙ্গে অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছে। কোনো গাফিলতি বা ত্রুটি প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে হাসপাতাল।



