ময়মনসিংহের ফুলপুরে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে তাজউদ্দিন (৪০) ও মৃত মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০)। নিহতরা দুজন সম্পর্কে মামা-ভাগ্নে।
ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সোয়া ২টার দিকে তাজউদ্দিন বাড়ির পাশে খড় শুকানোর কাজ করছিল। ঝড়ো বাতাসে পড়ে যাওয়া বিদ্যুতের তার খড়ের নিচে ছিল, যা তার জানা ছিল না। তিনি খড় শুকানোর কাজ করার একপর্যায়ে পড়ে থাকা ওই তারে স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার পাশ দিয়ে কাজ করার জন্য মাঠে যাওয়া আরশব আলী তাকে পড়ে থাকতে দেখেন। আরশব আলী তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন।
উদ্ধার ও মৃত্যু
পরে স্থানীয়রা এ অবস্থা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণা করার পর হাসপাতাল থেকে মরদেহ স্বজনরা নিজেদের বাড়িতে নিয়ে যায়। পরে এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ থানায় নিয়ে যায়।
পুলিশের বক্তব্য
ফুলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।



