রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক শক্তি সংস্থা রসাটম (Rosatom) আন্তর্জাতিক বৈজ্ঞানিক ও শিক্ষামূলক কর্মসূচি ‘আইসব্রেকার অব নলেজ’ প্রতিযোগিতার সপ্তম আসরের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। বাংলাদেশসহ বিশ্বের ২২টি দেশের ১৪ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
প্রতিযোগিতার বিবরণ
প্রতিটি অংশগ্রহণকারী দেশ থেকে একজন করে বিজয়ী নির্বাচিত হবে। নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৬ সালের আগস্টে পারমাণবিক আইসব্রেকার জাহাজ ‘৫০ ইয়ার্স অব ভিক্টরি’-এ চড়ে উত্তর মেরু অভিযানে অংশ নেওয়ার সুযোগ পাবে। প্রায় ১০ দিনের এই অভিযানে অংশগ্রহণকারীরা আর্কটিক অঞ্চলে বৈজ্ঞানিক ও শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত থাকবে। গত ছয়টি আসরে বিশ্বের ৪০০-এর বেশি শিক্ষার্থী এই কর্মসূচির মাধ্যমে আর্কটিক অভিযানে অংশ নিয়েছে।
তিন ধাপে নির্বাচন প্রক্রিয়া
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে অংশগ্রহণকারীদের অনলাইনে নিবন্ধন করে ৩০টি প্রশ্নের একটি বিজ্ঞানভিত্তিক কুইজ সম্পন্ন করতে হবে। দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞদের পরিচালিত ওয়েবিনারে অংশ নেবে, যেখানে পারমাণবিক প্রযুক্তি, আর্কটিক গবেষণা, নিরাপদ নৌ-চলাচল ও বৈজ্ঞানিক উদ্ভাবন নিয়ে আলোচনা করা হবে। ওয়েবিনার শেষে অংশগ্রহণকারীদের নির্ধারিত অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন সম্পন্ন করতে হবে। তৃতীয় ধাপে প্রতিটি দেশ থেকে নির্বাচিত সেরা ১০ জন ফাইনালিস্ট নির্দিষ্ট বিষয়ের ওপর এক মিনিটের ভিডিও উপস্থাপন জমা দেবে।
আবেদনের নিয়ম ও সময়সূচি
আবেদন ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ৫ মে থেকে এবং আবেদন করা যাবে ৩ জুন পর্যন্ত। বিজয়ীদের নাম ঘোষণা করা হবে জুন মাসে।
বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহ তৈরির উদ্যোগ
রসাটমের সহায়তায় পরিচালিত এই কর্মসূচির লক্ষ্য হলো বিজ্ঞান ও পারমাণবিক প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো, মেধাবী শিক্ষার্থীদের চিহ্নিত করা এবং তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে প্রাথমিক দিকনির্দেশনা দেওয়া। রসাটম-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডেপুটি ডিরেক্টর জেনারেল ফর কমিউনিকেশনস আলেক্সান্দ্রা ইউসটাস বলেন, ‘এই কর্মসূচি শুধু ভ্রমণের সুযোগ নয়। অংশগ্রহণকারীরা আর্কটিক অঞ্চলে শীর্ষস্থানীয় বিজ্ঞানী, যোগাযোগ বিশেষজ্ঞ ও অন্যান্য পেশাজীবীদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবে।’
বাংলাদেশের অংশগ্রহণ
২০২৫ সালের আসরে বাংলাদেশ থেকে রেকর্ড ৮৪১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্য থেকে শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহমুদ উত্তর মেরু অভিযানের জন্য নির্বাচিত হন। বিস্তারিত জানতে আয়োজকদের ওয়েবসাইট দেখুন।



