জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন রুটের বাসে যাতায়াতের সময় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের হেনস্তা বা র্যাগিংয়ের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তথাকথিত ‘বাস কমিটি’ বা সিনিয়রদের মাধ্যমে কোনো নবীন শিক্ষার্থী হয়রানির শিকার হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানানো হয়েছে।
পরিবহন প্রশাসকের বিজ্ঞপ্তি
মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিকের সই করা বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “গত ৩ মে থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যানবাহনে যাতায়াতকারী শিক্ষার্থীদের অবগত করা যাচ্ছে যে, নবীনদের ওপর সিনিয়র অথবা তথাকথিত বাস কমিটির প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে হেনস্তা করা হলে তা র্যাগিং হিসেবে বিবেচিত হবে। এটি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থি এবং সম্পূর্ণ শাস্তিযোগ্য অপরাধ।”
কঠোর আইনানুগ ব্যবস্থা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “র্যাগিং বা এই ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ম অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।”
উপাচার্যের জিরো টলারেন্স নীতি
উল্লেখ্য, গত ৩ মে জবির ২১তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন র্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছিলেন। এরই ধারাবাহিকতায় বাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন দফতর থেকে এই বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে।



