পুলিশের সামনে টেন্ডার বাক্স ছিনতাই, উদ্ধার এক ঘণ্টা পর
পুলিশের সামনে টেন্ডার বাক্স ছিনতাই, উদ্ধার এক ঘণ্টা পর

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ব্যবহার অযোগ্য মালামাল নিলামে বিক্রির একটি টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। টেন্ডারবাজরা পুলিশের সামনে থেকেই বাক্সটি ছিনতাই করে নিয়ে যায়। পরে পুলিশ টেন্ডারবাজদের অনুনয় বিনয় করে বাক্সটি ফেরত আনে।

ঘটনার বিবরণ

মঙ্গলবার সকালের দিকে বিএনপির দুই গ্রুপের মধ্যে রেষারেষির জের ধরে এ বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ও আরএমপির শাহমখদুম থানা পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় নগরীতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আরডিএর একজন কর্মকর্তা জানিয়েছেন, অতীতে কখনো আরডিএ ভবনে টেন্ডার ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। এই প্রথম টেন্ডারবাজরা টেন্ডার বাক্স ছিনতাই করে ভবনের বাইরে নিয়ে গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

টেন্ডার প্রক্রিয়া ও সংঘর্ষ

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল ব্যবহার অযোগ্য মালামাল নিলামের চার গ্রুপের নিলাম বিজ্ঞপ্তি জারি করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশল শাখা। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত দরপত্র দাখিলের সময়সীমা ছিল। চার গ্রুপের এই নিলাম দরপত্রে ৪৫০টি সিডিউল বিক্রি হয়। সিডিউল জমাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা আরডিএ ভবনে ভিড় করেন মঙ্গলবার সকাল থেকেই। এরপর এক গ্রুপ টেন্ডার বাক্স ছিনতাই করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিএনপির একদল নেতাকর্মী আরডিএ ভবনে প্রবেশ করেন। নিচতলায় রক্ষিত টেন্ডার বাক্সটি তারা উল্টেপাল্টে দেখে। একপর্যায়ে বাক্সটি নিয়ে ভবনের বাইরে যায়। ঘটনার সময় শাহমখদুম থানার একজন উপ-পরিদর্শকের (এসআই) নেতৃত্বে ৪ জন পুলিশ সদস্য টেন্ডার বাক্স পাহারা দিচ্ছিলেন। টেন্ডার বাক্স তুলে নিয়ে ভবনের বাইরে গেলেও পুলিশ কাউকে বাধা প্রদান করেনি।

অন্যদিকে বিএনপির আরেকদল নেতাকর্মী সকাল পৌনে ১০টার দিকে আরডিএ ভবনে গিয়ে দেখেন টেন্ডার বাক্স নেই। তারা পুলিশদের কাছ থেকে জানতে পারেন টেন্ডার বাক্স ছিনতাই করে ভবনের বাইরে নিয়ে গেছে তাদেরই দলের নেতাকর্মীরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ সময় ভবনের সামনে ও নিচতলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে শাহমখদুম থানার ওসি কবির হোসেন আরডিএ ভবনে যান। ছিনতাইকারীদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে এক ঘণ্টা পর টেন্ডার বাক্সটি ফেরত আনেন। টেন্ডার বাক্স ছিনতাইকারীদের শনাক্ত করা হয়েছে বলে পুলিশ ও আরডিএর প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে।

উদ্ধার ও দরপত্রের অবস্থা

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান জানান, দুপুর আড়াইটার দিকে উদ্ধার হওয়া টেন্ডার বাক্সটি খোলা হয়। যাচাই-বাছাইয়ের সময় বেশ কিছু দরপত্রে কাটাকাটির চিহ্ন পাওয়া গেছে। টেন্ডারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। পর্যালোচনার পর কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

হাবিবুর রহমান নামের একজন দরপত্র দাখিলকারী অভিযোগে বলেন, ছিনতাইয়ের পর দুর্বৃত্তরা নিজেদের পছন্দের দরপত্র দরদাতাকে সুবিধা দিতে অন্যদের সিডিউল কাটাকাটি করে পুনরায় বাক্সে জমা দিয়েছে। মোট ৪৫০টি শিডিউল বিক্রি হলেও শেষপর্যন্ত জমা পড়েছে মাত্র ২০টি। সাধারণ দরপত্র দাখিলকারীরা পুনরায় টেন্ডার আহ্বানের অনুরোধ করেছেন।

পুলিশের বক্তব্য

ঘটনার বিষয়ে আরএমপির শাহমখদুম থানার ওসি কবির হোসেন বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরস্পরের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে টেন্ডার বাক্সটি তারা নিয়ে গিয়েছিল। পুলিশের অনুরোধে পরে তা ফেরত দিয়েছেন। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। আরডিএ কর্তৃপক্ষ চাইলে মামলা করতে পারেন। তারা মামলা না করলে পুলিশই আইনি পদক্ষেপ নেবে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।