বিশ্বের অন্যতম পুরোনো ও মর্যাদাপূর্ণ ‘দ্য কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা’র ২০২৬ সালের আবেদনের সুযোগ আর মাত্র দুই দিন। এই প্রতিযোগিতায় প্রতিবছর কমনওয়েলথভুক্ত দেশগুলোর হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। রচনা জমা দেওয়ার শেষ সময় ৩০ এপ্রিল ২০২৬।
প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার
ইংল্যান্ডের রয়েল কমনওয়েলথ সোসাইটি এই সৃজনশীল রচনা প্রতিযোগিতার আয়োজন করে থাকে। ২০২৬ সালের কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে ইংল্যান্ড ভ্রমণের সুযোগ মিলবে। এই সৃজনশীল রচনা লেখা তরুণদের অর্জন ও কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার এবং তাদের কণ্ঠকে উন্নত করা ও দক্ষতা বিকাশের একটি উপায়।
বিভাগ ও যোগ্যতা
এই প্রতিযোগিতায় দুটি ক্যাটাগরিতে অংশ নেওয়ার সুযোগ আছে। প্রতিটি ক্যাটাগরি থেকে দুজন করে মোট চারজন অংশগ্রহণকারী পাবেন এক সপ্তাহের জন্য ইংল্যান্ড ভ্রমণের সুযোগ। লন্ডনের রয়্যাল প্যালেসে একটি বিশেষ পুরস্কার বিতরণীতে অংশ নিতে পারবেন বিজয়ীরা। এই পুরস্কার বিতরণীতে সার্টিফিকেট, গোল্ড, সিলভার ও ব্রোঞ্জপদক প্রদান করা হবে। রচনা লিখতে কোনো বিশেষ শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই।
জুনিয়র ক্যাটাগরি
- বয়স: ১৪ বছরের নিচে (২৩ মে ২০১১-এর পর জন্ম)
- রচনার শব্দসংখ্যা সর্বোচ্চ ৭৫০ হতে পারবে
সিনিয়র ক্যাটাগরি
- বয়স: ১৪-১৮ বছর (২৩ মে ২০০৬ থেকে ২৩ মে ২০১১-এর মধ্যে জন্ম)
- রচনার শব্দসংখ্যা সর্বোচ্চ ১৫০০ হতে পারবে
আবেদনের নিয়ম
রচনা লিখতে হবে ইংরেজিতে। জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরির জন্য আলাদা আলাদা টপিকের ওপর রচনা লিখতে হবে। একজন সর্বোচ্চ একটি টপিকের ওপরই রচনা লিখতে পারবেন। রচনার টাইটেল, বাচনভঙ্গি, শব্দচয়ন—নিজের মতো করে লিখতে পারবেন। রচনা অনলাইনে জমা দিতে হবে। একজনের অথবা একাধিক জনের রচনা একসঙ্গে জমা দেওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৬। আগ্রহী প্রার্থীদের অনলাইনে রচনা জমা দিতে হবে। আবেদনের বিস্তারিত জানতে এবং অনলাইনে রচনা জমা দিতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে ক্লিক করুন।
বৃত্তি ও পড়াশোনা সংক্রান্ত আরও খবর জানতে প্রথম আলোর গুগল নিউজ চ্যানেল ফলো করুন।



